আইপিএল

গেইল ঝড়ে দিল্লিকে সহজেই হারাল ব্যাঙ্গালোর

আপডেট : ২৭ এপ্রিল ২০১৫, ১১:০০
আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলস এর বিপক্ষে ১০ উইকেটের বিশাল জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
 
দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে রোববার টস হেরে ব্যাট করতে নামা স্বাগতিকদের বোলারদের নৈপুণ্যে ১৮.২ ওভারে ৯৫ রানে বেঁধে ফেলে বিরাট কোহলির দল।
 
ছোট টার্গেট খেলতে নেমে ক্রিস গেইলের বিধ্বংসী ব্যাটিংয়ে ৫৭ বল হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ব্যাঙ্গালোর। ৬২ রান করে অপরাজিত থাকেন গেইল। অপরাজিত আরেক ব্যাটসম্যান অধিনায়ক কোহলি করেন ৩৫ রান। 
 
এর আগে প্রথম ওভারেই উইকেট হারানো দিল্লির কেউই বড় কোনো ইনিংস গড়তে পারেনি। সর্বোচ্চ ৩৩ রান করেন ছয় নম্বরে নামা কেদার যাদব। ব্যাঙ্গালোরের সফলতম বোলার মিচেল স্ট্যার্ক ২০ রানে নেন ৩ উইকেট। 
 
প্রতিযোগিতার অষ্টম আসরে ছয় ম্যাচে ব্যাঙ্গালোরের এটা তৃতীয় জয়। আর সাত ম্যাচ খেলা দিল্লির এটা চতুর্থ হার।