ভালো সূচনার পর বিপর্যয়ে বাংলাদেশ

আপডেট : ০২ মার্চ ২০১৯, ১০:৫২

ইনিংস হার এড়াতে পাহাড় সমান লক্ষ্য সামনে রেখে লড়ছে বাংলাদেশ। সেই লড়াইয়ে সূচনাটা ভালোই করেছিলেন দুই ওপেনার তামিম ইকবাল ও সাদমান ইসলাম। তবে ৮৮ রানে ওপেনিং জুটি ভাঙার পর এলোমেলো হয়ে গেছে সব। মাত্র ৩৮ রানের মধ্যে সাজঘরে ফিরেছেন টপ অর্ডারের চার ব্যাটসম্যান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ চার উইকেটে ১৫০ রান। ইনিংস হার এড়াতে এখনো করতে হবে ৩৩১ রান। 

আউট হয়ে গেছেন তামিম-সাদমান উভয়ে। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান তামিম দ্বিতীয় ইনিংসে করেন ৭৪ রান। অপরদিকে সাদমান করেন ৩৭ রান। রানের খাতা খোলার আগেই বিদায় নেন মোহাম্মদ মিঠুন। দুই অঙ্ক ছূঁতে পারেননি মুমিনুলও। এখন পঞ্চম উইকেটে মাহমুদউল্লাহ ও সৌম্য সরকার জুটি বেঁধেছেন। 

এর আগে শনিবার ভোররাতে আগের দিনের চার উইকেটে ৪৫১ রান নিয়ে ফের প্রথম ইনিংসে ব্যাটিং শুরু করে স্বাগতিক নিউজিল্যান্ড। এদিন ছয় উইকেটে ৭১৫ রান করে ইনিংস ঘোষণা করে তারা। এতে ইনিংস হার এড়াতে ৪৮১ রানের লক্ষ্য দাঁড়ায় বাংলাদেশের সামনে। কিউই ব্যাটসম্যানদের মধ্যে জিত রাভাল ও টম লাথাম আগের দিন সেঞ্চুরি করেন। 

আরও পড়ুন: চুড়িহাট্টা ট্র্যাজেডি : নিহতের সংখ্যা বেড়ে ৭১

আগের দিন ৯৩ রানে অপরাজিত থাকা কেন উইলিয়ামসন আজ ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন। সৌম্য সরকার ও মেহেদি হাসান মিরাজ দুটি করে উইকেট নেন। 

ইত্তেফাক/কেআই