কখনো ঝাঝালো রোধ, আবার কখনো মেঘলা আকাশ, বৈশাখী মেঘের এই লুকোচুরির মধ্য দিয়ে গতকাল রবিবার খুলনায় ঘাম ঝরানো অনুশীলন করেছে বাংলাদেশ ও পাকিস্তান দল। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে জয়ের সুবাদে সঙ্গত কারণেই আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। অপরদিকে পাকিস্তান থেকে উড়ে আসা মিসবাহ উল হক ও ইউনিস খানদের যোগদানের কারণে আসন্ন সিরিজে ঘুরে দাঁড়াতে চায় সফরকারীরা।
মিসবাহ’র দল গতকাল রবিবার সকাল ৯টায় শেখ আবু নাসের স্টেডিয়ামে আসে। মাঠে পৌঁছে একটানা সাড়ে ১২টা পর্যন্ত চলে মেজবাহদের টানা অনুশীলন। এ সময় তারা শারীরিক কসরতসহ বোলিং, ব্যাটিং ও ক্যাচিংসহ কঠোর অনুশীলন করেন মনোযোগের সাথে ।
অনুশীলনে প্রত্যেক খেলোয়াড়ের চোখে-মুখে ছিল নতুনভাবে শুরুর চেষ্টা। তাই অনুশীলনও করেছেন দীর্ঘ সময় ধরে।
অনুশীলন শেষে পাকিস্তানের ব্যাটসম্যান সামি আসলাম সাংবাদিকদের বলেন, তারা টেস্টের চার নম্বর দল। সে ধারাবাহিকতা বজায় রেখেই আগামীকাল মঙ্গলবার মাঠের লড়াইয়ে নামবেন তারা। বাংলাদেশকে ভাল দল উল্লেখ করে তিনি আরো বলেন, ক্রিকেটে ওয়ানডে, টি-টোয়েন্টি ও টেস্টের ফরম্যাট সম্পূর্ণ ভিন্ন ভিন্ন। টেস্টের ধরন সম্পূর্ণ ভিন্ন। এ জন্য টেস্ট নিয়ে তারা আশাবাদী।
তিনি বলেন, খুলনার এই মাঠের আউট ফিল্ড অনেক ভাল। পরিবেশও চমত্কার। এখানে আমরা নিজেদের উজাড় করে দিতে এসেছি। আশা করছি সবাই সবার সেরাটাই এখানে দিবে।
এদিকে তীব্র রোদের মধ্যে গতকাল নিজেদের আরও একটু ঝালিয়ে নিয়েছে মুশফিক বাহিনী। দুপুর ২টা থেকে অনুশীলন শুরু করে টাইগাররা। অধিনায়ক মুশফিকুর অবশ্য এর আগে সোয়া ১টায় মাঠে নেমে নেটে কঠোর ব্যাটিং অনুশীলন করেন।
অনুশীলনের শুরুতে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান গণমাধ্যমের সাথে কথা বলেন। তিনি জানান, টানা সাফল্যে দলের সবাই আত্মবিশ্বাসী। পাকিস্তানের বিপক্ষে টেস্টেও নিজেদের সেরাটা তুলে ধরতে সবাই চেষ্টা করবেন। টেস্ট দলে নতুন তিন মুখ নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, তারা দলে যুক্ত হয়েছেন যোগ্যতার বলেই। আর মূল একাদশে স্থান পেলে তারা যোগ্যতার প্রমাণ দিতে পারবেন।
