গত ২০ এপ্রিল থেকেই শুটিংয়ের কাজে নেপালে অবস্থান করছেন দেশের ছোটপর্দার বেশ কয়েকজন অভিনয় শিল্পী। যাদের মধ্যে রয়েছেন, শাহরিয়ার নাজিম জয়, কল্যাণ কোরাইয়া, রুনা খান, শাহাদত হোসেন, রাখি, নোমিরা, নির্মাতা যুবরাজ খান’সহ পুরো ইউনিট। ভূমিকম্প চলাকালীন সময় সবাই নেপালের নাগরকোটে অবস্থান করছিলেন। শুটিংয়ে থাকার কারণে সবাই নিরাপদে রয়েছেন। তবে সবাই একটি ভীতিকর পরিস্থিতিতে পড়ে যান। শাহরিয়া নাজিম জয় ও যুবরাজ খানের যৌথ প্রযোজনায় ‘হলিডে’ শিরোনামের একটি নাটকে শুটিং করতে নেপালে অবস্থান করছেন তারা। ভূমিকম্প চলাকালীন একটি পাহাড়ে তাদের শুটিং চলছিল। শুটিংয়ের মাঝেই পাহাড় কাঁপতে শুরু করে। সে সময় সেখানের রাস্তা, রেস্তোরা, হোটেল সবকিছু ধসে যেতে থাকে। এরপর নেপাল দূতাবাসের গাড়ি এসে সবাইকে দূতাবাসে নিরাপদ স্থানে নিয়ে যায়। তখন তাদের সবার প্রয়োজনীয় জিনিসপত্র হোটেলে ছিল। শুধু পাসপোর্টগুলো নিয়ে বের হন তারা। ভূমিকম্পের পর তারা দূতাবাসে আশ্রয় নেন। সবাই তাদের ফেসবুক স্ট্যাটাসের মধ্য দিয়ে সেখানকার অবস্থা ও নিজেদের নিরাপদ স্থানে যাবার খবর পোস্ট করেন। শুটিং ইউনিটে ছিলেন অভিনেতা কল্যাণ। তিনি বলেন, ‘আমারা যে হোটেলে ছিলাম সেখানে ফাটল ধরেছে। সেখানকার রেডিসন হোটেলেও ফাটল ধরেছে। বাংলাদেশ সরকার আমাদের জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করে দিন।’ নাটকের পুরো কাজ শেষ করতে পারেননি তাই বাকি কাজ দেশে এসেই করার সিদ্ধান্ত নেন তারা।
