প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, ভূমিকম্প বিধ্বস্ত নেপালে বিদেশি কোনো ত্রাণবাহী উড়োজাহাজ বা হেলিকপ্টার ল্যান্ড করতে না পারলে বাংলাদেশের বিমানবন্দর ব্যবহার করতে পারবে। সৈয়দপুর বিমানবন্দর, ঢাকার পুরান এয়ারপোর্ট এবং লালমনিরহাটের হেলিপ্যাড ব্যবহার করতে পারবেন তারা।
সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এক অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী এ কথা জানান।
মন্ত্রিসভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ভূমিকম্পে বিধ্বস্ত নেপালে ত্রাণবাহী উড়োজাহাজ নামতে সমস্যা হচ্ছে বিষয়টি জানালে প্রধানমন্ত্রী বলেন, বিদেশিদের ত্রাণবাহী বিমান নেপালে নামতে না পারলে বাংলাদেশকে তারা ট্রানজিট হিসেবে ব্যবহার করতে পারবে।
তিনি বলেন, বিদেশিরা আমাদের যেকোনো এয়ারপোর্ট ব্যবহার করতে পারবে। নেপালের বিষয়ে যেকোনো সহযোগিতা করা আমাদের কর্তব্য বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, নেপাল আমাদের প্রতিবেশী দেশ। স্বাধীনতাযুদ্ধে তারা আমাদের স্বীকৃতি দিয়েছিল।
