নির্বাচনে দায়িত্ব পালনে শৈথিল্য বরদাস্ত করা হবে না: সিইসি

আপডেট : ২৮ এপ্রিল ২০১৫, ১১:২৬
 
ঢাকা ও চট্টগ্রাম তিন সিটির নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সম্পূর্ণ কাঠোর অবস্থানে থেকে দায়িত্ব পালন করতে নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমেদ।
 
তিনি বলেছেন, নির্বাচনের কাজে সংশ্লিষ্ট কোন কর্মকর্তা বা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পক্ষপাতমূলক আচরণ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সোমবার বিকেলে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ হুশিয়ারী উচ্চারণ করেন।
 
ঢাকা উত্তর,দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশনের ভোটারদের নির্বিঘ্নে ভোট দিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে সিইসি বলেন, ভোট কেন্দ্রের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা আছে। তারা ভোট কেন্দ্রের পাশাপাশি ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতেও কাজ করবেন।
 
তিনি বলেন, ভোটাদের স্বস্তির জন্য সেনাসদস্যদের রাখা হয়েছে। র‌্যাব, পুলিশ ও বিজিবির সদস্যরা ব্যর্থ হলে সেনা সদস্যরা আসবেন।
 
প্রধান নির্বাচন কমিশনার আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্টদের উদ্দেশে বলেছেন, সিটি করপোরেশন নির্বাচনে দায়িত্ব পালনে পক্ষপাতিত্ব কমিশন বরদাশত করবে না। নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কোনো কর্মকর্তা পক্ষপাতিত্বমূলক আচরণ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
 
রকিব উদ্দিন আহমেদ বলেন, সিটি নির্বাচনে কয়েক হাজারেরও অধিক প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিককে কার্ড  দেয়া হয়েছে। এছাড়া শতাধিক বিদেশী পর্যবেক্ষক ও স্থানীয় বিপুল সংখ্যক পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করবেন। আমি আশাকরি সাংবাদিকরা তাদের পেশাগত দায়বদ্ধতা বজায় রেখে নির্বাচনের দিন দায়িত্ব পালন করবেন।
 
সিইসি বলেন, তিনি সিটিতে ৪৮ জন মেয়র প্রার্থীসহ ১ হাজার ১৮৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রায় ৬০ লাখ ভোটার ২৭’শ ভোট কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।