টানা ২০ দিনের প্রচারণা শেষে সোমবার প্রায় সারাদিনই বাসায় ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ভোটের আগের দিন সব ধরনের প্রচার-প্রচারণা নিষিদ্ধ থাকায় তিনি বাসায় কর্মী-সমর্থকদের সাথে কথা বলেছেন, দিয়েছেন বিভিন্ন দিক-নির্দেশনা। তবে সকালের দিকে বনানীতে মায়ের কবর জিয়ারত করেন আনিসুল হক। এরপর দুপুর একটার দিকে নিকুঞ্জ খিলক্ষেতস্থ নিজ অফিসে যান। সেখানেও সহকর্মীদের সাথে কিছুক্ষণ কাটান। পরে ফিরে আসেন বাড়িতে।
সংশ্লিষ্টরা জানান, গত ২০/২১ দিন তিনি ছুটে বেড়িয়েছেন ভোটারদের দ্বারে দ্বারে। তাদের সমস্যার কথা শুনেছেন, অঙ্গীকার করেছেন নির্বাচিত হলে সেসব সমস্যা সমাধানের। কিন্তু প্রচার-প্রচারণা নিষিদ্ধ থাকায় আজ বাড়িতে বসেই তিনি কর্মী-সমর্থকদের সাথে কথা বলছেন। আবার অনেকেই তার সঙ্গে দেখা করতে এসেছেন। তাদেরও তিনি সময় দিয়েছেন, নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন।
উত্তরের এ মেয়র প্রার্থীর মিডিয়া সেলের সদস্য সাইফুল ইত্তেফাককে জানান, আনিসুল হক বনানী বিদ্যা নিকেতন স্কুল এন্ড কলেজে ভোট দেবেন। এই কেন্দ্রে তিনি স্বপরিবারে ভোট দেবেন। সকাল সাড়ে আটটায় তারা ভোট দিতে যাবেন বলে তিনি জানান।
