মিসবাহ, ইউনিসকে দিয়ে ভাগ্য ফেরাতে চায় পাকিস্তান

আপডেট : ২৭ এপ্রিল ২০১৫, ২১:৫১
 
অধিনায়ক মিসবাহ উল হক ও অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনিস খান দলে ফেরায় বাংলাদেশ সফরে টেস্ট সিরিজে ঘুরে দাঁড়াতে চায় পাকিস্তান। দুই ম্যাচের সিরিজে আগামীকাল মঙ্গলবার খুলনায় প্রথম টেস্ট শুরু হচ্ছে।
 
৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর একমাত্র টি-২০ ম্যাচেও বাংলাদেশের কাছে প্রথমবারের মতো পরাজয়ের পর এ পর্যন্ত পাকিস্তানিদের জন্য যেন এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে।
 
মিসবাহ ও ইউনিস দুই সিনিয়র খেলোয়াড় সিমিত ওভার সিরিজে দলের অংশ ছিলেন না। আগামী মাসে ৪১ বছরে পা রাখা মিসবাহ বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেন এবং ৩৭ বছর বয়সী ইউনিস দলে সুযোগ পাননি। টেস্ট ক্রিকেটে পাকিস্তানের সর্বোচ্চ রান শিকারি জাভেদ মিঁয়াদাদের চেয়ে মাত্র ৫০৬ রানে পিছিয়ে থাকা ইউনিস দেশের সর্বোচ্চ ২৮ সেঞ্চুরিরও মালিক। তরুণ ব্যাটসম্যান ১৯ বছর বয়সী সামি আসলাম বলেন, ‘তারা খুবই অভিজ্ঞ খেলোয়াড় এবং তারা যখন দলে থাকে পাকিস্তান সাধারণত ভাল করে।’ ‘উভয়েই বিশ্ব মানের খেলোয়াড় এবং অবশ্যই এ সিরিজে তারা পার্থক্য গড়ে দেবেন।’
 
গত সপ্তাহে ওয়ানডে অভিষেকেই ৪৫ রান করার পর টেস্ট ক্যাপ পড়তে যাওয়া আসলাম বলেন, ‘টেস্ট ক্রিকেট সম্পূর্ণ ভিন্ন এবং আমি অত্যন্ত আত্মবিশ্বাসী যে এই ফর্মেটে আমাদের দল ভাল করবে।’