পল্লী উন্নয়ন একাডেমি আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন

আপডেট : ২৭ এপ্রিল ২০১৫, ২২:১৩
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি আইন-২০১৫’র খসড়া চূড়ান্ত অনুমোদন লাভ করে।
 
সোমবার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা প্রেস ব্রিফিংয়ে বলেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি ১৯৮৬ সালের একটি অধ্যাদেশ বলে পরিচালিত হচ্ছে। এ আইনটি সামরিক শাসনামলে জারি করা হয়েছে। আ
 
দালতের রায় অনুযায়ী দু’টি সামরিক শাসনামলে জারি করা সকল অধ্যাদেশ অবৈধ। তবে জনগুরুত্বপূর্ণ আইনগুলোর বৈধতা দিতে এগুলো যুগোপযোগী করে মন্ত্রিসভায় উপস্থাপনের সিদ্ধান্ত রয়েছে। এ জন্য এ আইনটি মন্ত্রিসভায় নিয়ে এসেছে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ।
 
এর আগে গত বছরের ৩১ মার্চ আইনের খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়েছিল। তখন মন্ত্রিপরিষদ সচিব বলেছিলেন, এতে তেমন উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আনার প্রয়োজন হচ্ছে না।
 
পল্লী উন্নয়ন ও সমবায়ের ওপর একাডেমি গবেষণা ও প্রশিক্ষণ দিয়ে থাকে জানিয়ে মোশাররাফ হোসাইন বলেন, একাডেমি ১৮ সদস্যবিশিষ্ট একটি বোর্ডের মাধ্যমে পরিচালিত হয়। পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হবেন এ বোর্ডের চেয়ারম্যান। মহাপরিচালক (ডিজি) হচ্ছেন বোর্ডের সদস্য সচিব। ডিজি হচ্ছেন একাডেমির প্রধান নির্বাহী।
 
এছাড়া বৈঠকে ‘১৯৭৫ সাল থেকে ১৯৭৯ সালের ৯ এপ্রিল পর্যন্ত সময়ের মধ্যে জারিকৃত কতিপয় অধ্যাদেশ কার্যকরকরণ (বিশেষ বিধান) আইন, ২০১৩’-এর তফসিল থেকে বাংলাদেশ রেলওয়ের উপযোজন (এ্যাপ্রোপ্রিয়েশন) সংক্রান্ত পাঁচটি অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
 
এ প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব বলেন, উপযোজন (প্রজাতন্ত্রের তহবিল থেকে অর্থ খরচের ক্ষমতা) অধ্যাদেশগুলো একটা সময়ে বাজেটের জন্য জারি করা হয়েছিল। উপযোগিতা না থাকায় এখন আর এগুলো আইনে পরিণত করার দরকার নেই। এ জন্য অধ্যাদেশগুলো বাতিল করা হল।
 
এদিকে গৃহকর্মী পাঠানোর বিষয়ে সৌদি আরবের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির ঘটনা-উত্তর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
 
মন্ত্রিপরিষদ সচিব বলেন, মন্ত্রিসভা বৈঠকে সৌদি সরকারের সঙ্গে ‘এ্যাগ্রিমেন্ট অন ডমেস্টিক সার্ভিস ওয়ার্কার্স রিক্রুটমেন্ট বিটুইন দ্য গভর্নমেন্ট অব দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ এ্যান্ড দ্য গভর্নমেন্ট অব দ্য কিংডম অব সৌদি এ্যারাবিয়া’ শীর্ষক স্বাক্ষরিত চুক্তির ঘটনা-উত্তর অনুমোদন দেওয়া হয়েছে।
 
এছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম ও বাংলাদেশ প্রতিনিধি দলের ইন্দোনেশিয়া সফর সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়েছে।