জয়ের ব্যাপারে আশাবাদী জয়

আপডেট : ২৭ এপ্রিল ২০১৫, ২২:৫০
 
ঢাকার দুই সিটি কর্পোরেশন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা জয়ী হবেন বলে দৃঢ় আশাবাদী প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়। নগরবাসীর ওপর জরিপ চালিয়ে নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা এগিয়ে রয়েছেন বলে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন তিনি। ফেসবুকের ওই পোস্টে দাবি করা হয়েছে, এই জরিপ ‘প্রায় নির্ভুল’।
 
আওয়ামী লীগ সভাপতির তথ্যসেল সিআরআই ও সুচিন্তার তৈরি করা প্রশ্ন ও গবেষণা পদ্ধতি ধরে জরিপটি পরিচালনা করেছে ‘ফোর্স এন ফোকাস লিমিটেড’ । জরিপের ফলাফলে দেখা যাচ্ছে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৫১ দশমিক ৯ শতাংশ ভোটার আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হককে সমর্থন করছেন। বিপরীতে বিএনপি সমর্থিত তাবিথ আউয়ালকে পছন্দ করছেন ৩৩ শতাংশ।
 
ঢাকা দক্ষিণে ৪৯ শতাংশ ভোটার আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকনকে ভোট দিবেন। এর বিপরীতে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে ৪৩ শতাংশ ভোটার।
 
ঢাকা উত্তরের ২ হাজার ১৬০ জন এবং ঢাকা দক্ষিণে ২ হাজার ২৮০ জন নাগরিকের ওপর এই জরিপ চালিয়ে এই ফলাফল পাওয়া যায় বলে জয়ের দাবি।
 
নির্বাচন 'সুষ্ঠু' হলে বিএনপির 'শতভাগ' জয়ের আশাবাদের একদিন পরই সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের এগিয়ে রেখে জরিপের ফলাফল প্রকাশ করলেন।