তিন সিটি করপোরেশন নির্বাচনে মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটের লড়াই। চলবে বিকাল ৪টা পর্যন্ত। নগরের অভিভাবক কে হবেন দিনশেষে তা জানা যাবে জনতার রায়ে।
৫৫ কোটি টাকা ব্যয়ের এ নির্বাচনে ৬০ লাখ ভোটার ভোটারাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। এবারের এই নির্বাচনে রেকর্ড সংখ্যক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৪৮জন মেয়র প্রার্থীসহ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে সবমিলিয়ে ১ হাজার ১৮৮ জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
নির্বাচনের সব প্রস্তুত সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটকেন্দ্র রক্ষা এবং ভোটারদের নিরাপত্তা প্রায় ৮২ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মাঠে নামানো হয়েছে। ভোটকেন্দ্র পর্যবেক্ষণে নেমেছে ইসির গোপন ৪৫ পর্যবেক্ষক টিম।
দেশের রাজধানী ঢাকা এবং বন্দর নগরী চট্টগ্রাম সিটির এই নির্বাচন নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি নেতৃত্বধীন প্রধান দুই জোট দলগতভাবে প্রার্থী দিয়েছে। ফলে নির্দলীয় নির্বাচনে রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়েছে। এটি ‘হাইভোলটেজ নির্বাচনে রুপ নিয়েছে।
ঢাকা উত্তরের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক বলেছেন, আমি বিশ্বাস করি জনগন কখনো ভোট দিতে ভুল করে না। জয়-পরাজয়ের বিষয়টি জনগনের উপর ছেড়ে দিয়েছি।
বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়াল দাবি করেছেন, নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে পারেনি। নির্বাচন সুষ্ঠু হলে নিরব ভোট বিপ্লব হবে।
দক্ষিণের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন বলেন, এই নগরে আমার জন্ম-বেড়ে উঠা। আমার নিয়ত পরিস্কার। আশা করি আমার পিতার মতো আমাকেও ভোটাররা বেছে নেবেন।
তার প্রতিদ্বন্দ্বী বিএনপির সমর্থিত প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস দাবি করেছেন, ভোট ডাকাতি না হলে মির্জা আব্বাস বিপুল ভোটে বিজয়ী হবেন। তিনি অভিযোগ করেছেন, আইনশৃঙ্খলা বাহিনী তার কর্মী এবং সমর্থকদের মধ্যে ভীতির পরিবেশ সৃষ্টি করেছেন।
চট্টগ্রামে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আ. জ. ম. নাছির ও বিএনপি সমর্থিত প্রার্থী মনজুর আলম সুষ্ঠু ভোট হলে ফলাফল যাই হোক মেনে নেবেন বলে ঘোষণা করেছেন।
চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ অভিযোগ করেছেন, সরকার সমর্থকরা কারচুপি করার জন্য নগরের হোটেলে হোটেলে বহিরাগতদের যোগাড় করেছেন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ গতকাল সংবাদ সম্মেলন করে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার আশ্বাস দিয়েছেন। সিইসির দাবি নির্বাচনে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
