ভোট দিলেন প্রধানমন্ত্রী

আপডেট : ২৮ এপ্রিল ২০১৫, ১৪:৪৭
 
সিটি করপোরেশন নিবার্চনে ভোট দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে ভোট শুরুর আগেই সাতটা ৫৬ মিনিটে রাজধানীর ধানমণ্ডিতে অবস্থিত সিটি কলেজ কেন্দ্রে উপস্থিত হন প্রধানমন্ত্রী। ভোট শুরুর পর ঐ কেন্দ্রের প্রথম ভোটার হিসেবে ভোট দেন তিনি। কেন্দ্রের ২ নম্বর বুথে (মহিলা) ভোট দেন প্রধানমন্ত্রী। ভোট প্রদান শেষে আটটা ১৬ মিনিটে তিনি ভোট কেন্দ্র ত্যাগ করেন।
 
নির্বাচনে বিএনপি প্রার্থীরা পরাজিত হলে তারা ফের আন্দোলনে নামবে বলে বিএনপি’র হুমকি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বিএনপির এই ধরনের অবস্থানের সমালোচনা করেন।

তিনি বলেন, তার মানে হচ্ছে যে, বিএনপি জনগণের মতামতকে গুরুত্ব দেয় না। তারা নির্বাচনের ফলাফল মেনে নেবে না। কারণ, জনগণের রায়ের প্রতি তারা শ্রদ্ধাশীল নয়।
 
এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন যে, বিএনপির বলা উচিত, জনগণ যে মতামত ও রায় দেবে এবং যেসব প্রার্থী বিজয়ী হবে, দল তা মেনে নেবে।
 
তিনি প্রশ্ন রাখেন, তাদের প্রার্থী জয়ী হলে ভাল, আর তা না হলে আন্দোলন- এটা কি ধরনের মনোভাব ?
 
কাকে ভোট দিয়েছেন-এরকম প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, তিনি মেয়র পদে ইলিশ মার্কায়, সংরক্ষিত নারী কাউন্সিল আসনে পান পাতা ও কাউন্সিলর আসনে ঘুড়ি মার্কায় ভোট দিয়েছেন।
 
এসময় ঢাকা দক্ষিণের রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ উপস্থিত ছিলেন।
 
ঢাকা দক্ষিণ, উত্তর ও চট্টগ্রাম সিটি করপোরেশনে ভোট হচ্ছে মঙ্গলবার।
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা-১০ সংসদীয় আসনের ধানমন্ডি আবাসিক এলাকার ভোটার। তার ভোটার আইডি কার্ড নাম্বর-২৬৯১৬৪৯১০০৭৯৮। ঠিকানায় লেখা-বাসা-৫৪ (সুধাসদন), রাস্তা-৫, ধানমন্ডি আ/এ, ঢাকা-১২০৫।