ঢাকায় কেন্দ্রে ভোটার কম, বাইরে উপস্থিতি বেশি

আপডেট : ২৮ এপ্রিল ২০১৫, ১৮:০৮
 
সকাল থেকে ১০টা পর্যন্ত বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে  কেন্দ্রগুলোর ভেতরে ভোটার উপস্থিতি ছিল কম। তবে ভোটসংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন,  ৫০ থেকে ৫৫ শতাংশ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন।
 
ঢাকা উত্তর ও দক্ষিণের বিভিন্ন কেন্দ্রর বাইরে মেয়র প্রার্থী আনিসুল হক ও সাইদ খোকনের সমর্থকদের দেখা গেলেও মির্জা আব্বাস ও তাবিথের সমর্থকদের চোখে তেমন একটা পড়েনি।
 
ঢাকা দক্ষিণ ১৫ নম্বর ওয়ার্ডের সাউথব্রিজ কেন্দ্রে সকাল ১০টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯৪টি। ইউনিভার্সিটির ল্যাবরেটরি স্কুলে একটি বুথে ভোট পড়েছে মাত্র ২৩টি। 
 
ঢাকা দক্ষিণ সিটির পুরান ঢাকার বংশালের সুরিটোলা প্রাথমিক বিদ্যালয়ের একটি কেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিশৃঙ্খলার পর সুরিটোলা একটি কেন্দ্রে ভোট বন্ধ রয়েছে। সকাল ৮টায় এই স্কুলের তিনটি কেন্দ্রে ভোট শুরুর ঘণ্টাখানেক পর দুই নম্বর কেন্দ্রে ভাঙচুরের ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোট শুরুর আগে সকাল সাড়ে ৭টা থেকেই ভোটাররা ওই কেন্দ্রের বাইরে লাইনে দাঁড়িয়ে ছিলেন। শুরুতে পরিস্থিতি ভালোই ছিল। হঠাৎ সেখানে গণ্ডগোল শুরু হয়। বাইরে কিছু লোক বিক্ষোভ করে এবং পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়ে।
 
এছাড়া শাখারিবাজারের পগোজ স্কুলে থাকা কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রাখার পর দুপুর ১২টায় আবার তা শুরু হয়।