চট্টগ্রামে শুটিংকৃত ‘অ্যাভেঞ্জার্স’ ১মে শুভমুক্তি

আপডেট : ২৮ এপ্রিল ২০১৫, ১১:৪৮
আগামী ১ মে আন্তর্জাতিক মুক্তির দিনই দেশে মুক্তি পাচ্ছে সুপারহিরো সমন্বিত ছবি ‘অ্যাভেঞ্জার্স: এজ অব আলট্রন’। নগরীর স্টার সিনেপ্লেক্স প্রদর্শিত হবে এই ছবিটি।
 
বিশ্বজুড়ে তুমুল আলোড়ন তোলা ‘দ্য অ্যাভেঞ্জার্স’-এর দ্বিতীয় কিস্তি এটি। আয়রনম্যান, ক্যাপ্টেন আমেরিকা, হাল্ক, থর, হাউকি, নিক ফিউরি এবং ব্ল্যাক উইডো-মার্ভেল কমিকসের এই সুপারহিরোরা এ ছবির মাধ্যমে আবার একসঙ্গে পর্দায় আসছেন। আগের ছবির মতো এছবিটিও পরিচালনা করেছেন জস হোয়েডন।
 
চমকপ্রদ তথ্য হলো দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, ইতালি, যুক্তরাজ্যের পাশাপাশি বাংলাদেশেও এ ছবির দৃশ্যধারণ হয়েছে চট্টগ্রামের ভাটিয়ারির জাহাজভাঙা অঞ্চলে। চট্টগ্রামের ভাটিয়ারির শিপইয়ার্ডে গত বছর এ ছবির শুটিং হয়। সে সময় গোপনীয়তা রক্ষার জন্য অন্য এক নামে মার্ভেল এন্টারটেইনমেন্ট ছবির শুটিং করে যায় বাংলাদেশে। ‘নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট’-এর কারণে বিষয়টি গোপন রাখা হয়েছে বলে জানা যায়।
 
এ প্রসঙ্গে স্টার সিনেপ্লেক্সের কর্তাব্যক্তি মেসবাহ উদ্দিন বলেন, ‘এই ছবিটির সাথে আমাদের দেশের লোকেশন সম্পৃক্ত। তাই তুমুল জনপ্রিয় এই সিরিজ মুভিতে দর্শকরা অন্য এক উন্মাদনা উপভোগ করবে বলে আমাদের বিশ্বাস।’