ঢাকা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট বর্জন করেছে বিএনপি। ভোট গ্রহণ শুরু হওয়ার সাড়ে ৪ ঘণ্টা পর কেন্দ্র দখল,জাল ভোট প্রদান,নানা অনিয়ম ও ব্যাপক কারচুপির অভিযোগ এনে ঢাকা সিটির উত্তর-দক্ষিণ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
বিএনপির নেতারা নির্বাচন প্রত্যাখ্যান করে বলেন, 'এটা কোনো নির্বাচন হয় নাই। এটাকে নির্বাচন বলা যায় না। মানুষ যে প্রত্যাশা করেছিল সে প্রত্যাশা থেকে তাদের বঞ্চিত করেছে এ অবৈধ সরকার ও আজ্ঞাবহ নির্বাচন কমিশন (ইসি)। সব কেন্দ্র দখল করা হয়েছে। পুলিশ, র্যাবের ছত্রছায়ায় ভোট ডাকাতি হয়েছে। এ নির্বাচন আমরা মানি না। এ নির্বাচন আমরা প্রত্যাখ্যান করলাম। এই প্রহসনের নির্বাচনের মাধ্যমে সরকার ও নির্বাচন কমিশনের বড় পরাজয় হয়েছে'।
এসময় তারা এ নির্বাচন বাতিল করে অবিলম্বে নতুন নির্বাচনের আহবান জানান।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দুপুর সাড়ে ১২টায় ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে আদর্শ ঢাকা আন্দোলন মনোনীত ও বিএনপি সমর্থিত দক্ষিণ সিটির প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস এবং উত্তর সিটির প্রার্থী তাবিথ আউয়ালকে সঙ্গে নিয়ে এক সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
বিভিন্ন ভোটকেন্দ্রে জালভোট, পোলিং এজেন্টদের বের করে দেয়া, ব্যালট বাক্স দখল, ভোটারদের বাধা দেয়ার অভিযোগ তুলে মওদুদ আহমদ বলেন, এটা কোনো নির্বাচন হয় নাই। এটাকে নির্বাচন বলা যায় না। ভোটারবিহীন এ নির্বাচনকে আমরা প্রত্যাখ্যান করি। এ নির্বাচন আমরা বর্জন করি। এতে গণতন্ত্রের প্রহসন করা হয়েছে।
ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, 'অনেক আশা নিয়ে আমরা এ নির্বাচনে অংশ নিয়েছিলাম। আশা করেছিলাম, 'আমরা যে গণতান্ত্রিক আন্দোলনে আছি সিটি কর্পোরেশন নির্বাচনের বিজয়ের মাধ্যমে তা আরও জোরদার হবে'। তিনি বলেন, 'প্রফেসর এমাজউদ্দীন আহমদ পরিবার নিয়ে ঢাকা কলেজ কেন্দ্রে ভোট দিতে গিয়েছিলেন। সেখানে তাকে লাঞ্ছিত করা হয়েছে। তার গাড়িতে চড়-থাপ্পড় মারা হয়েছে। ভোট দেওয়ার পরে তাকে জিজ্ঞেস করা হয়, আপনি কেন ভোট দিতে এসেছেন? আপনার ভোট দেওয়ার কোনো অধিকার নেই'।
নির্বাচন বর্জনের মুহূর্তে যা বললেন তাবিথ-আফরোজা
সংবাদ সম্মেলনে তাবিথ আউয়াল বলেন, এই নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়নি। ফলে এই নির্বাচন থেকে আমি সরে আসছি এবং প্রত্যাখ্যান করছি। আজ যা ঘটেছে সেটা নির্বাচন বললে অসত্য বলা হবে। আমরা চেষ্টা করেছিলাম এগিয়ে যেতে। কিন্তু তা আর হল না। ঢাকার বাইরে থেকে বাস-মাইক্রোবাস ভর্তি করে লোক আনা হয়েছে। তাদের চিরকুট দেওয়া হয়েছে। সে চিরকুট দেখে দেখে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়েছে। তারা সরকারের সমর্থক প্রার্থীদের পক্ষে সিল মেরেছে।
তিনি বলেন, আমি একটি ভোট কেন্দ্রে গিয়ে প্রিজাইডিং অফিসারের টেবিলে খোলা ব্যালট বক্স পেয়েছিলাম। আমি এই বিষয়টি জানতে চাইলে অফিসার আমার সঙ্গে খারাপ ব্যবহার করেন, তিনি পারলে আমাকে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দেন। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর এজেন্ট ছাড়া অন্য কোন মেয়র প্রার্থীর এজেন্টরা ভোট কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হয়নি।
সংবাদ সম্মেলনে মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস বলেন, এটা কোনো নির্বাচন হয়নি, ভোট চুরি নয়, ডাকাতি হয়েছে। তাই এই নির্বাচন আমি বর্জন করছি।অনেক ভোট কেন্দ্রে আমাকেসহ সাংবাদিক ও আমার এজেন্টদের নির্যাতন করা হয়েছে। তিনি বলেন,আমি সকাল সাড়ে ৭টায় বিভিন্ন কেন্দ্র পরিদর্শন এবং নিজের ভোট দেওয়ার জন্য তৈরি ছিলাম। এ সময় খবর পাই বিভিন্ন কেন্দ্র দখল করা হয়েছে। আমি প্রথমে ছুটে গেলাম ফকিরাপুলের কোমর গলি কেন্দ্রে। সেখানে আমার এজেন্টদের মেরে বের করে দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আদর্শ ঢাকা আন্দোলনের আহ্বায়ক ড. এমাজ উদ্দিন আহমদ, সদস্য সচিব শওকত মাহমুদ,বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান,আসাদুজ্জামান রিপন, সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, হাবিবুল ইসলাম হাবিব প্রমুখ।
