তিন সিটি করপোরেশনে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। মঙ্গলবার ধানমন্ডিস্থ দলের সভানেত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।
মাহবুব-উল আলম হানিফ বলেন, আমার এখন পর্যন্ত কোনো ভোটকেন্দ্র সহিংসতার খবর পায়নি। সুষ্ঠুভাবেই ভোট গ্রহণ চলছে। বিএনপির পোলিং এজেন্টদের বের করে দেয়া হয়েছে, তাদের ঢুকতে দেয়া হয়নি এই অভিযোগ সঠিক নয়। নির্বাচন বর্জন করে বিএনপি জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে বলে দাবি করে বলেছেন, আওয়ামী লীগ।
তিনি বলেন, গত ৫ জানুয়ারি থেকে সরকার পতনের নামে বিএনপি আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে। লাগাতার হরতাল-অবরোধের ব্যর্থ হয়ে, জনরোষের শিকার হয়েছেন খালেদা জিয়া। সিটি করপোরেশন নির্বাচনকে বিএনপি কৌশল হিসেবে নিয়েছিল।
হানিফ বলেন, চট্টগ্রামে মঞ্জুরের বিপরীতে বিএনপির অনেক যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও তাদের দেয়া হয়নি। তাদের নির্বাচন বর্জনের পরিকল্পনা পূর্বপরিকল্পিত। কারণ তারা জানেন, জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ায় তারা ভোট পাবেন না। নতুন করে আন্দোলনের ইস্যু তৈরি করার জন্য বিএনপি এরকম করছে।
