ঢাকার একটি কেন্দ্রে ভোট জালিয়াতিতে সরাসরি প্রিজাইডিং অফিসার যুক্ত হয়েছে। ঢাকা দক্ষিণের একটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারকে ক্ষমতাসীন দল সমর্থিত মেয়র প্রার্থীর প্রতীকে সিল মারতে দেখেছেন এক সাংবাদিক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক সাজিদুল হক ও সালাহ উদ্দীন ওয়াহিদ প্রীতম বলেন, ঢাকার নারিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে প্রিজাইডিং অফিসার ওবায়দুল ইসলামকে ব্যালট পেপারে সিল মারতে দেথেছেন তারা।
তারা জানান, ঢাকা দক্ষিণের ৪১ নম্বর ওয়ার্ডের ৬৪২ নম্বর ওই ভোটকেন্দ্রের সামনে থেকে সকালে ভোটারদের ফিরিয়ে দিতে দেখা যায় পুলিশ ও আনসার সদস্যদের।
এ সময় কোনো প্রতিবাদ না করেই ভোটারদের ফিরে যেতে দেখা যায়। সাংবাদিক পরিচয়ে ভেতরে ঢুকতে চাইলে ওই সাংবাদিকদের কেন্দ্রে ঢুকতে দেয়া হয়। তবে ভেতরে গিয়ে তারা কাউকে নাস্তা খেতে দেখেননি। ওই ভোটকেন্দ্রের দোতলায় দুটি ভোটকক্ষের মধ্যে একটি বন্ধ ছিল।
সাজিদুল হক বলেন, তাদের ফাঁক দিয়ে উঁকি দিয়ে দেখা যায়, প্রিজাইডিং অফিসার ওবায়দুল ইসলাম, পোলিং অফিসার ইলিশ মাছ প্রতীকের পোলিং এজেন্ট এবং দুজন কার্ডহীন ব্যক্তি ব্যালট পেপারে সিল মারছেন। তারা সবাই ইলিশের সিল দিচ্ছিলেন।
এ সময় অন্য কোনো প্রার্থীর পোলিং এজেন্টকে সেখানে দেখা যায়নি। সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে সবাই এরপর যার যার আসনে বসে পড়েন। প্রিজাইডিং অফিসার বুথ থেকে বেরিয়ে নিচে নেমে যান।
