২৭০০ কেন্দ্রের মধ্যে ৫৫টিতে হাঙ্গামা

আপডেট : ২৮ এপ্রিল ২০১৫, ১৯:৫০
বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও সার্বিকভাবে তিন সিটি কর্পোরেশন নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ঢাকার দুই সিটির এক হাজার ৯৮২টি কেন্দ্রের মধ্যে অর্ধশত কেন্দ্রে দাঙ্গা-হাঙ্গামার ঘটনা ঘটেছে। ঢাকার দুই সিটিতে মোট ভোটার ৪২ লাখের উপরে। দাঙ্গা-হাঙ্গামা হওয়া কেন্দ্রগুলোতে মোট ভোটার লাখ খানেকের বেশি না। ঢাকায় তিনটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। এছাড়া ২৫টির মতো কেন্দ্রে সাময়িকভাবে ভোটগ্রহণ বন্ধ ছিল। বেশ কিছু কেন্দ্রে জাল ভোট, জোর করে ব্যালট পেপারে সিল এবং বিএনপি সমর্থক প্রার্থীর এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগ রয়েছে। 
 
বিএনপির ভোট বর্জনের আগে ভোট কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি ভালো থাকলেও দুপুরের পর থেকে ভোটার কম দেখা যায়। তবে নির্বাচনের শুরু থেকেই অর্ধেকেরও বেশি কেন্দ্রে বিএনপির কোন পোলিং এজেন্ট ছিল না। 
 
বিএনপি দাবি করেছে, তাদের এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেয়া হয়নি। যারা ঢুকেছিলেন তাদের কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে। 
চট্টগ্রাম সিটি কর্পোরশেন নির্বাচনে কোন কেন্দ্রেই ভোট গ্রহণ বন্ধ হয়নি। ৫/৭টি কেন্দ্রে দাঙ্গা-হাঙ্গামার ঘটনা ঘটেছে। এসব কেন্দ্রে মোট ভোটার ১০ থেকে ১২ হাজার। অথচ চট্টগ্রামের ভোটার ১৮ লাখের মতো। 
 
এদিকে গণমাধ্যমের কর্মীদের ভোট কেন্দ্রে প্রবেশ করতে বাধা দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। কোথাও কোথাও গণমাধ্যমকর্মীদের উপর হামলার ঘটনাও ঘটেছে।