ভোট দিতে গিয়ে লাঞ্ছিত এমাজ উদ্দিন আহমদ

আপডেট : ২৮ এপ্রিল ২০১৫, ২১:৩২
 
আদর্শ ঢাকা আন্দোলনের আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. এমাজউদ্দীন আহমেদকে ছাত্রলীগ নেতাকর্মীরা লাঞ্ছিত করছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকাল সোয়া নয়টার দিকে তিনি সপরিবারে ঢাকা কলেজ কেন্দ্রে ভোট দিয়ে বের হওয়ার পর তাকে লাঞ্ছিত করা হয়।
 
এমাজউদ্দীন আহমেদ বলেন, ‘সকালে আমি আমার ছেলে এবং নাতি-নাতনি নিয়ে ঢাকা কলেজে ভোট কেন্দ্রে ভোট দিতে যাই। সেখানে একজন পুলিশ কর্মকর্তা আমাকে সহযোগিতা করেছে। সম্ভবত সে আমার ছাত্র। ভোট দিয়ে বের হয়ে আসার সময় সম্ভবত ঢাকা কলেজের কিছু ছাত্র আমাকে লাঞ্ছিত করে। আমাকে বলে, আপনি অসম রাজনীতির নীতি নির্ধারক। পেট্টোল বোমা দিয়ে মানুষ পুড়িয়ে এখন এসেছেন ভোট দিতে। লজ্জা করে না। আপনার ভোট দেয়ার কোনো অধিকার নেই। পরে তারা আমার গাড়িতে ঢিল ছুঁড়ে তাতে গাড়ির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। পরে ঐ পুলিশ কর্মকর্তা আমাকে সেখান থেকে চলে আসতে সহযোগিতা করে।’ ক্ষোভ প্রকাশ করে এমাজউদ্দীন আহমেদ বলেন, ‘আজকে ঢাকা কলেজে ভোট দিতে গিয়ে আমার যে অভিজ্ঞতা হয়েছে তাতে আমি অত্যন্ত লজ্জাবোধ করছি। যারা আমার সঙ্গে এ ধরনের ব্যবহার করেছে তারা আমার ছাত্র হতে পারতো। এই অভিজ্ঞতায় মনে হলো আমার অর্ধশতাব্দী ধরে শিক্ষকতা জীবন ব্যর্থ।’
 
নিজের ভোট দেয়ার অভিজ্ঞতা বলতে গিয়ে এমাজউদ্দীন আহমেদ বলেন, ‘১৯৪৬ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত নির্বাচন দেখেছি। আজকের সিটি করপোরেশন নির্বাচনের মতো এমন নিকৃষ্ট এবং জঘন্য আয়োজন আর হতে দেখিনি।’