তিনটি সিটি নির্বাচনে বিভিন্ন ভোট কেন্দ্রে ভোট জালিয়াতি, সহিংসতা ও বিএনপির বয়কটের সিদ্ধান্তে হতাশা ব্যক্ত করেছেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাট। গতকাল তিনি এক বিবৃতিতে বলেন, বিভিন্ন ভোট কেন্দ্রে ভোট জালিয়াতি, ভয়-ভীতি প্রদর্শন এবং সহিংসতার যেসব ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে ব্যাপক ও বিশ্বাসযোগ্য প্রতিবেদন পাওয়া গেছে এবং বিএনপি সিটি করপোরেশন নির্বাচন বয়কটের যে সিদ্ধান্ত নিয়েছে তাতে আমরা হতাশ। যে সমস্ত অনিয়মের ঘটনা ঘটেছে সেগুলোর স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি। আইনের আওতায় থেকে কাজ করার জন্য এবং যে কোন ধরনের সহিংসতা এড়ানোর জন্য আমরা সকল পক্ষের প্রতি আহ্বান জানাই। রাজনৈতিক লক্ষ্য অর্জনের জন্য যে কোন ধরনের সহিংসতার আশ্রয় গ্রহণের আমরা তীব্র নিন্দা জানাই।
মার্কিন রাষ্ট্রদূত এছাড়া কয়েক দফা টুইটার বার্তায় নির্বাচন নিয়ে হতাশা ব্যক্ত করেন। তিনি বলেন, যে কোন উপায়ে জয়লাভ করলেই তা বিজয় হয় না।
