সৌদি আরবের যুবরাজ ও উপপ্রধানমন্ত্রীর মোকরেন বিন আবদুল আজিজকে বরখাস্ত করা হয়েছে। দেশটির বাদশা সালমান বিন আব্দুল আজিজ তার সৎ ভাই মুকরিনকে বরখাস্ত করে নিজের ভাতিজা বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন নায়েফকে নতুন যুবরাজ হিসেবে নিয়োগ করেছেন। বুধবার সৌদি আরবের রাজসভার এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। খবর এএফপির।
সৌদি রাজসভার বিবৃতিতে বলা হয়, মোকরেনকে উপপ্রধানমন্ত্রীর পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে। মোহাম্মদ বিন নায়েফকে নতুন যুবরাজ ও উপপ্রধানমন্ত্রী করা হয়েছে। একই সঙ্গে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাজনৈতিক ও নিরাপত্তা পরিষদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।
মোকরেনের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের মধ্য দিয়ে দেশটির প্রয়াত বাদশাহ আবদুল্লাহ আমলের সবশেষ উচ্চপদস্থ কর্মকর্তাকেও সরিয়ে দেওয়া হলো। গত ২৩ জানুয়ারি মারা যান আবদুল্লাহ। এরপর সৌদি আরবের মসনদে বসেন সালমান। ক্ষমতায় বসেই প্রয়াত বাদশাহর আমলের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাকে সরিয়ে দেন তিনি।
