‘দ্য প্রফেট’ দিয়ে পূর্বপুরুষদের প্রতি সালমার শ্রদ্ধা

আপডেট : ২৯ এপ্রিল ২০১৫, ১৩:৪৩
 
বিশ্বের সবচেয়ে বেশি পঠিত বইগুলোর একটি হলো লেবানীজ সাহিত্যিক, শিল্পী, দার্শনিক কাহলিল জিবরানের ‘দ্য প্রফেট’। ১৯২৩ সালে বইটি প্রথমবার প্রকাশের পর থেকে ৪০টিরও বেশি ভাষায় এটি অনূদিত হয়েছে। বর্তমানে বাজারে রয়েছে বইটির ১৯৩তম সংস্করণ। কখনও ‘আউট অব প্রিন্ট’ না থাকা এই বইটির কাহিনি নিয়েই এবারে তৈরি হয়েছে অ্যানিমেশন চলচ্চিত্র ‘কাহলিল জিবরান’ন দ্য প্রফেট’। মেক্সিকান অভিনেত্রী সালমা হায়েক এই অ্যানিমেশনে কণ্ঠ দেয়ার পাশাপাশি ছবিটি সহ-প্রযোজনাও করেছেন। আগামীকাল ছবিটির প্রথম প্রিমিয়ার অনুষ্ঠিত হবে লেবাননে। আর সেই উপলক্ষে গত শুক্রবারেই সালমা হায়েক পৌঁছে যান দেশটিতে। লেবানন নিয়ে অবশ্য স্মৃতিকাতরতাতেও ভুগছেন সালমা। তার পিতামহ যে ছিলেন লেবানীজ! ‘দ্য প্রফেট’কে তাই নিজের ক্যারিয়ারের আর দশটা ছবির সাথে তুলনা করতে নারাজ সালমা। পূর্বপুরুষের সন্ধান আর তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্যই তিনি এই ছবিতে কাজ করেছেন। আর জিবরানের বইটির পরতে পরতেই সালমা খুঁজে পেয়েছেন পূর্বপুরুষের আত্মার সন্ধান। জিবরানের ভাস্কর্যকেও আলিঙ্গন করে তিনি বলেন, ‘এই সময়টার জন্য কত দীর্ঘদিনই না অপেক্ষা করতে হয়েছে। আমাদের একটু একা থাকতে দিন।’