‘সরকার উন্নয়ন প্রকল্পে পরিবেশকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে’

আপডেট : ২৯ এপ্রিল ২০১৫, ১৭:২৫
 
 
 
 
 
পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, ‘বর্তমান সরকার পরিবেশ দূষণজনিত সমস্যাকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। এ জন্য দাতা দেশ ও সংস্থার পাশাপাশি নিজস্ব অর্থায়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে।’ তিনি বলেন, ‘অর্থনৈতিক উন্নয়নকে টেকসই করার জন্য সরকারের গৃহীত উন্নয়ন প্রকল্পগুলোতে পরিবেশের বিষয়টি প্রাধান্য দেয়া হচ্ছে।’ বুধবার সচিবালয়ে ইউরোপ এবং পূর্ব এশিয়ার চারটি দেশের রাষ্ট্রদূতদের সাথে বৈঠককালে তিনি এ সব কথা বলেন।
আনোয়ার হোসেন মঞ্জু বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অর্থায়ন একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর জন্য এটি আরো বেশি গুরুত্বপূর্ণ। এর পরও বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ইস্যুতে বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছে।’
পরিবেশ ও বন মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সৌর-বিদ্যুতের জন্য সোলার প্যানেল স্থাপনে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। কিছু কিছু ক্ষেত্রে সরকার এটি বাধ্যতামূলকও করেছে।’ পরিবেশ ও বন মন্ত্রী এ সময় বাংলাদেশের বিভিন্ন এলাকার খাবার পানিতে লবণাক্ততার বিষয়টি উল্লেখ করেন।  তিনি বলেন, ‘বিশেষ করে উপকূলীয় অঞ্চলের জেলাগুলোতে এ সমস্যা প্রকট।’ এ বিষয়েও সরকার কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।
মন্ত্রীর সাথে বৈঠককালে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা বলেন—বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সাথে পরিবেশের বিষয়টি যুক্ত করতে পারলে টেকসই উন্নয়ন হবে। এ জন্য উন্নয়ন পরিকল্পনার সাথে পরিবেশের বিষয়টি সমন্বয় করতে হবে।
বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত বৃটিশ হাইকমিশনার রবার্ট গিবসন, সুইডেনের রাষ্ট্রদূত জন ফ্রিসেল, নরওয়ের চার্জ দ্য অ্যফেয়ার্স আর্নি হগ। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি ইয়ুন ইয়ং ছাড়াও উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এবং মন্ত্রণালয়ের সচিব ড. কামাল উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।