গাইবান্ধা সদর উপজেলার কুপতলা রেলস্টেশনের কাছে নাশকতা প্রতিরোধে রেলপথ পাহারায় দায়িত্বরত আনসার সদস্য ডিপটি মিয়া (৪৫) বুধবার বিকেলে ট্রেনের ধাক্কায় মারা গেছেন। ডিপটি মিয়া গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের কাজলঢোপ গ্রামে সাখোয়াত হোসেনের ছেলে।
গাইবান্ধা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপসহকারি পরিদর্শক আনোয়ার হোসেন জানান, ডিপটি মিয়া মোবাইল ফোনে গান শুনতে শুনতে কুপতলা রেল স্টেশনের নিকটে রেল লাইন পাহাড়ার দায়িত্ব পালন করছিলেন। এসময় শান্তাহার থেকে পঞ্চগড়গামী সেভেন আপ ট্রেন তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পাশের একটি গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক ডা.আশরাফুল হোসেন তাকে মৃত ঘোষণা করেন।
গাইবান্ধা সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শহিদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান আনছার ভিডিপির রংপুর রেঞ্জের পরিচালক দুলাল চন্দ্র সাহা ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন ।
