এ নির্বাচন আবর্জনাতুল্য: এমাজউদ্দিন আহমদ

আপডেট : ২৯ এপ্রিল ২০১৫, ২০:২৩
 
১৯৪৬ সাল থেকে সব নির্বাচন দেখেছেন দাবি করে আদর্শ ঢাকা আন্দোলনের আহ্বায়ক অধ্যাপক এমাজউদ্দিন আহমদ বলেছেন, ‘কোনো নির্বাচনই মঙ্গলবারের ​নির্বাচনের সঙ্গে তুল্য নয়। এ নির্বাচন আবর্জনাতুল্য। যেভাবে নির্বাচন হয়েছে, এভাবে নির্বাচন হয় না।’
 
বিএনপি সমর্থক পেশাজীবীদের এই ফোরামটি বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানায়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির সদস্যসচিব শওকত মাহমুদ। তিনি বলেন, ‘আমরা নির্বাচন কমিশনের কাছে প্রত্যাশা করেছিলাম তারা সবকিছুর ঊর্ধ্বে গণতন্ত্র, আইনের শাসন তুলে ধরে অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেবে। কিন্তু এ ক্ষেত্রে তাদের ব্যর্থতা হিলামলয়চুম্বী, ক্ষমার অযোগ্য।’
 

এক প্রশ্নের জবাবে শওকত মাহমুদ বলেন, আদর্শ ঢাকা আন্দোলন একটি নাগরিক সংগঠন। এটি কোনো রাজনৈতিক দল নয়। তাই এই নির্বাচন বিষয়ে কোনো কর্মসূচি দেয়ার চিন্তা তাদের নেই। বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদের সঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহাকরী শিমুল বিশ্বাসের কথোপকথনে বিএনপির নির্বাচন বর্জন পূর্বপরিকল্পিত বলে মনে হয়েছে- এমন অভিযোগের বিষয়ে শওকত মাহমুদ বলেন ‘এটা ঠিক নয়। এটা ভিত্তিহীন। খালেদা জিয়া সিরিয়াসলি নির্বাচন নিয়ে কাজ করেছেন। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন। পরিকল্পিত হলে তা করতেন না।’ ভোটের দিন সকাল থেকে বিভিন্ন কেন্দ্রের পরিস্থিতি দেখে তারা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেন বলেও তিনি উল্লেখ করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মাহবুব উল্লাহ ও সাবেক প্রো-ভিসি প্রফেসর আ ফ ম ইউসুফ হায়দার, সিনিয়র সাংবাদিক মাহফুজ উল্লাহ, ডিইউজে সভাপতি কবি আবদুল হাই শিকদার প্রমুখ।