সিটি নির্বাচন প্রশ্নবিদ্ধ: টিআইবি

আপডেট : ২৯ এপ্রিল ২০১৫, ১৯:৩২
 
ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ, জাতীয় ও আন্তর্জাতিকভাবে বিব্রতকর বলে দাবি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একইসঙ্গে রাজনৈতিক দলগুলোকে গণতান্ত্রিক চর্চার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছে দুর্নীতি বিরোধী সংগঠনটি।
 
মঙ্গলবার এক বিবৃতিতে টিআইবি জানায়, তিন সিটি কর্পোরেশনে নজিরবিহীন কারচুপি, গোলযোগ ও সহিংসতা, ভোট প্রদানে বাধা, দেশি-বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের পেশাগত দায়িত্ব পালনে অনৈতিক প্রতিবন্ধকতার ঘটনা ঘটেছে। এসব কার্যকলাপ প্রতিহত করে নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সমান প্রতিযোগিতার ক্ষেত্র তৈরিতে নির্বাচন কমিশন এবং আইন-শৃঙ্খলা রক্ষা-বাহিনী যে ব্যর্থতার পরিচয় দিয়েছে তাতে টিআইবি গভীরভাবে হতাশ ও উদ্বিগ্ন। অন্যদিকে বিতর্কিতভাবে মাঝপথে নির্বাচন বর্জন দেশের রাজনৈতিক অঙ্গনে সুস্থ পরিবেশ প্রতিষ্ঠার পথে নতুন করে ঝুঁকির সৃষ্টি করেছে। এ অবস্থায় সকল রাজনৈতিক দলকে সংযত, সহনশীল ও গণতান্ত্রিক চর্চার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান টিআইবির।
 

বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘রাজনৈতিক ছত্রছায়ায় ও পেশী-শক্তির প্রয়োগে ব্যাপক অনিয়ম হওয়ায় সদ্য-সমাপ্ত তিনটি সিটি কর্পোরেশন নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়েছে। নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক একটি প্রতিষ্ঠানের নির্বাচনী আইন-প্রয়োগসহ স্বাধীন ও নিরপেক্ষ ভূমিকা পালনে ব্যর্থতায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। ব্যাপক কারচুপির নির্ভরযোগ্য তথ্য আর প্রমাণ থাকার পরেও কমিশন কার্যকর ব্যবস্থা গ্রহণের পরিবর্তে অস্বীকৃতি, মিথ্যাচারের আশ্রয় নিয়ে নিজেকে বিব্রত করেছে। যথাযথ দায়িত্ব পালনে নির্বাচন কমিশন শুধু যে ব্যর্থ হয়নি বরং কমিশন ব্যাপকভাবে রাজনৈতিক পক্ষপাতমূলক আচরণ করায় সাংবিধানিক এই প্রতিষ্ঠানটির ভাবমূর্তি ও জন-আস্থা ধুলিসাত্ হয়েছে।’