মেয়র নয় সেবক হিসাবে থাকতে চাই: সাঈদ খোকন

আপডেট : ২৯ এপ্রিল ২০১৫, ২২:৪১
 
প্রতিদ্বন্দ্বী সকলেই আমার হাতে নিরাপদ থাকবে। আমি ঢাকার মেয়র নয়, সেবক হিসাবে ঢাকাবাসীর পাশে থাকতে চাই। বাবার মত মানুষের মন জয় করতে চাই বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিজয়ী মেয়র সাঈদ খোকন।
 
তিনি বলেন, মানুষের মনে কষ্ট হয় এমন কোনো কাজ করব না। বরং নগরবাসীর সমস্ত দুঃখ-কষ্ট, অভিযোগ, অনুযোগ মনোযোগ দিয়ে শুনে নগরবাসীর কল্যাণে কাজ করব। যদি কেউ আমার নাম ব্যবহার করে সন্ত্রাস, চাঁদাবাজি করে তাহলে এক মুহূর্তের জন্যও সহ্য করব না।
 
নির্বাচনের বিজয় মা ও নগরবাসীকে উত্সর্গ করে তিনি বলেন, আমার মা হচ্ছেন আমার প্রাণের স্পন্দন। আমি নগরবাসীর কাছে আজীবন কৃতজ্ঞ থাকব। জনগণ আমাকে একজন সেবক হিসেবেই দেখবেন।
 
তিনি বলেন, নির্বাচনে জয়ের মাধ্যমে আমি অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠেছি। এতে আগের চেয়ে অনেক বেশি সংযত ও সহনশীল হয়ে কাজ করে যাব। কারণ জননেত্রী শেখ হাসিনা আমার ওপর আস্থা রেখে নির্বাচনে মনোনয়ন দিয়েছিলেন। মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখে সেই আস্থার মূল্য রেখে মন-প্রাণ দিয়ে ঢাকার উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখব।
 
নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার পর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কার্যালয়ে গতকাল বুধবার বিকেল পৌনে ৫টার দিকে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
 
তিনি বলেন, আমরা বিরোধীদের এবং ঢাকাবাসীকে মর্যাদার আসনে বসাবো। আমার প্রতিদ্বন্দ্বী সকলেই আমার হাতে নিরাপদে থাকবে। আমি কথা দিয়েছিলাম মেয়র নির্বাচিত হলে একদিনের জন্যও ক্ষমতার অপব্যবহার করবো না। দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে ঢাকাকে গড়ে তুলতে চাই। এসময় তিনি ভোটারদের অভিনন্দন  জানান এবং তাদের কাছে দোওয়া প্রার্থনা করেন।