মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই যুদ্ধাপরাধীর আপিলের মামলার শুনানি থেকে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে বাদ দেয়া হয়েছে। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে যুদ্ধাপরাধের আপিলের শুনানি হচ্ছে। ইতিপূর্বে কাদের মোল্লা, দেলাওয়ার হোসাইন সাঈদী এবং কামারুজ্জামানের আপিলের শুনানির বেঞ্চে অন্যান্য বিচারপতির সঙ্গে বিচারপতি শামসুদ্দিনও ছিলেন। উল্লেখ্য, কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজের মূল রায়ও লিখেছিলেন বিচারপতি চৌধুরী।
কিন্তু হঠাৎ করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মুজাহিদ ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিলের যে বেঞ্চ পুনর্গঠন করা হয়, তা থেকে বিচারপতি শামসুদ্দিন চৌধুরীকে বাদ দেয়া হয়েছে। এ ব্যাপারে যুদ্ধাপরাধ মামলার সাথে সংশ্লিষ্ট আইনজীবীরা বিস্ময় প্রকাশ করেছেন। বিচারপতি চৌধুরীকে কেন বেঞ্চ থেকে বাদ দেয়া হলো এ ব্যাপারে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে জিজ্ঞাসা করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
