তবুও শীর্ষ চারে চোখ রজার্সের

আপডেট : ৩০ এপ্রিল ২০১৫, ১১:৪১

 

লিভারপুল ইংলিশ প্রিমিয়ার লিগে মঙ্গলবার রাতে হাল সিটির মাঠে ১-০ গোলে হারের পর কোচ ব্রেন্ডন রজার্স বলেছেন তার দল এখনো শেষ চারে যাওয়ার সম্ভাবনা দেখছে, যদিও কাজটি কঠিন। সেই সঙ্গে জানালেন আগামী মৌসুমের জন্য দলকে আরো শক্তিশালী করার পরিকল্পনাও জানালেন লিভারপুল কোচ।
 
দলের হয়ে খেলার ৩৭তম মিনিটে লিভারপুলকে হতাশায় ডুবানো গোলটি করেন এই স্বাগতিক ডিফেন্ডার মিশেল ডসন। এই পরাজয়ে ৩৪ খেলা থেকে অল-রেডসরা ৫৮ পয়েন্ট নিয়ে এখন তালিকার পঞ্চমস্থানে রয়েছে। সমপরিমাণ ম্যাচ খেলে তালিকার চতুর্থস্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট লিভারপুল থেকে সাত বেশি।
 
এমন অবস্থায় হাতে আর চারটি ম্যাচ অবশিষ্ট থাকলেও আগামী মৌসুমে কোচ রজার্সের দলের সরাসরি চ্যাম্পিয়ন্স লিগ খেলার সম্ভাবনা প্রায় শেষই বলা যায়। এরপরও লিভারপুল কোচ বলেন, ‘আমরা শীর্ষ চারে থেকে মৌসুম শেষ করতে চাই। যদিও এটা কঠিন হবে। কেননা মৌসুমে অধিকাংশ খেলায়ই প্রতিপক্ষরা আমাদের নাগাল পেয়ে যাচ্ছে।’
 
গত মৌসুম শেষে তারকা স্ট্রাইকার লুই সুয়ারেজের চলে যাওয়া এবং ড্যানিয়েল স্টারিজ ইনজুরিতে পড়ায় নিজেদের মানিয়ে নিতে না পারায় লিভারপুলের এই ব্যর্থতার কারণ বলে জানান রজার্স। যেই দুই তারকার নৈপুণ্যে গত মৌসুমে ইংলিশ লিগে রানার্স-আপ হয়েছিলো অ্যানফিল্ডের দলটি। এ ব্যাপারে কোচ রজার্স বলেন, ‘আমরা ব্যাপারটি লুকাতে পারবো না যে, তাদের অনুপস্থিতির ফলে আমরা ৫০টি’রও বেশি গোল হারিয়েছি।’—এএফপি