তায়েব-পরীমনি একসাথে

আপডেট : ৩০ এপ্রিল ২০১৫, ১২:০৮
 
বড়পর্দায় নিয়মিত অভিনয়ের ঘোষণা অনেক আগেই দিয়েছেন ছোটপর্দার ব্যস্ত অভিনেতা ডিএ তায়েব। বেশকিছু মূলধারার বাণিজ্যিক ছবি দিয়েই রূপালি পর্দায় দীর্ঘদিন পর ফিরবেন বলে জানান তায়েব। এ নিয়ে প্রস্তুতিও নিচ্ছেন কয়েকমাস ধরে। তবে এবার পুরোপুরি মূলধারার না হলেও বাণিজ্যিকভাবেই সম্প্রতি ‘সোনাবন্ধু’ শিরোনামের একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন তায়েব। যেখানে তার বিপরীতে থাকবেন সময়ের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। এছাড়াও থাকছেন চিত্রনায়িকা পপি। একটি ত্রিভূজ প্রেমের গল্প নিয়ে এই চলচ্চিত্রটি। ডিএ তায়েবের স্ত্রী মাহবুবা শাহরিন-এর ‘হতাই’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে চলচ্চিত্রটি। চলচ্চিত্রটির প্রসঙ্গে তায়েব বলেন, ‘সম্পূর্ণ ভিন্ন একটি গল্প নিয়ে আমার এই চলচ্চিত্রটি। এখন আমাদের গল্পগুলো অনেকটা তামিল ছবির আদলে লেখা হচ্ছে। কিন্তু সেই জায়গা থেকে অনেক মৌলিক গল্পের সংখ্যাও বেড়েছে। আসলে আমাদের নিজস্ব গল্পগুলো বিশ্বের যেকোনো গল্পের চেয়ে আলাদা। আমাদের এখানেও অনেক ভালো প্লট আছে। তাই স্বাভাবিকভাবেই আমি আশাবাদী আমাদের এই গল্প দর্শকদের ভালো লাগবে এবং আলাদা কোনো গল্প দর্শকরা দেখতে পাবেন।’