নির্বাচন খারাপ হওয়ার জন্য বিএনপিই দায়ী: সহস্র নাগরিক কমিটি

আপডেট : ৩০ এপ্রিল ২০১৫, ১৯:২২



সহস্র নাগরিক কমিটি’র আহবায়ক সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক বলেছেন, ভোট গ্রহণ শুরুর কয়েক ঘণ্টার মধ্যে বিএনপি নির্বাচন বর্জন করে দায়িত্বহীনতা ও অদূরদর্শিতার পরিচয় দিয়েছে।  আমরা যেসব কেন্দ্রগুলোতে গিয়েছি, সেখানে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখেছি। কিন্তু বিএনপি নির্বাচন বর্জনের পর কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। নির্বাচন খারাপ হওয়ার জন্য বিএনপিই দায়ী।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে নাগরিক কমিটির উদ্যোগে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনোত্তর এক সাংবাদিক সম্মেলনে এ মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে পস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল আহসান খান, সহস্র নাগরিক কমিটির সদস্য সচিব গোলাম কুদ্দুস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টি বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক নাজমা শাহীন ও মুক্তিযোদ্ধা সংসদের সহ-সভাপতি ইসমত কাদির গামা।

সৈয়দ শামসুল হক বলেন, গত ২৮ এপ্রিল তিনটি সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহন শুরুর কয়েক ঘন্টা পর বিএনপি নির্বাচন বর্জন করায় পুরো জাতি বিস্মিত হয়েছে। তারা এ নির্বাচনে ভোট বর্জনের মাধ্যমে দায়িত্বহীনতা ও অদূরদর্শিতার প্রমাণ দিয়েছে।

তিনি বলেন, ভোট গ্রহণ শুরুর চার ঘণ্টার ব্যবধানে বিএনপি সমর্থিত প্রার্থীরা বিপুল পরিমান ভোট পেয়েছে। তারা নির্বাচন বর্জন না করলে নির্বাচনে বিজয়ী হওয়া তাদের জন্য অসম্ভব ছিল না।

সিটি কর্পোরেশন নির্বাচনে বিপুল সংখ্যক ভোটারের উপস্থিতির মধ্য দিয়ে নাগরিকদের ভোটাধিকার প্রয়োগের অদম্য ইচ্ছা প্রকাশ পেয়েছে উল্লেখ করে শামসুল হক বলেন, নির্বাচনের পরও নাগরিক কমিটির কাজ শেষ হবে না। এ কমিটি নাগরিক এবং সিটি কর্পোরেশনের মধ্যে সেতুবন্ধ হিসেবে কাজ করে তার নজরদারি অব্যাহত রাখবে।

তিনি নির্বাচনী প্রচারণাকালে প্রার্থীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং নতুন ভোটারদের ব্যাপক অংশগ্রহণকে এ নির্বাচনের বড় অর্জন বলে উল্লেখ করেন।
মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, বিএনপি সদ্য সমাপ্ত তিন সিটি কর্পোরেশন নির্বাচনকে রাজনৈতিক ফাঁদ হিসেবে গ্রহন করেছিল। জয়ী হলে তারা বলত সরকারের প্রতি জনগণের সমর্থন নেই। আর পরাজিত হলে বলত ক্ষমতাসীন সরকারের পক্ষে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।

নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চক্রান্ত তাদের আগে থেকেই ছিল বলে উল্লেখ করে তিনি বলেন, তিন সিটি কর্পোরেশন নির্বাচনে যোগ্যতম প্রার্থীরাই বিজয়ী হয়েছে।
নির্বাচন পরবর্তী কোন সহিংসতা না ঘটাকে সরকারের বড় সফলতা বলে উল্লেখ করেন এ সাংবাদিক নেতা।

গত ২৮ এপ্রিল ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সহস্র নাগরিক কমিটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী আনিসুল হক, দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে সাঈদ খোকন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আ জ ম নাছিরকে সমর্থন জানায়।