ঢাকার মতিঝিলে আড়াই বছর আগে গাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুর মামলায় গ্রেফতার জামাত-শিবিরের ৬৫ নেতা-কর্মীর বিচারের আদেশ দিয়েছে আদালত। অভিযুক্ত আসামিদের মধ্যে রয়েছেন—জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান, প্রচার সম্পাদক তাসমিম আলম, জামায়াতের খুলনা এলাকার সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি ডা. শফিকুল ইসলাম মাসুদ, ডা. ফখরুদ্দিন মানিক, দেলোয়ার হোসেন সাঈদী প্রমুখ।
ঢাকার মহানগর দ্রুত বিচার হাকিম মোহাম্মদ তারেক মঈনুল ইসলাম ভূঁইয়া বৃহস্পতিবার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
আসামি পক্ষের আইনজীবী এস এম কামাল উদ্দিন জানান—মামলায় সাক্ষ্য শুরুর জন্য আদালত ১০ জুন দিন ধার্য করেছে।
২০১২ সালের ৫ নভেম্বর মতিঝিল সিটি সেন্টারের সামনে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা যুদ্ধাপরাধে গ্রেফতার হওয়া দলের শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে ঘণ্টাব্যাপী সংঘর্ষের সময় পুলিশের গাড়ি, বিআরটিসির বাসসহ কয়েকটি মোটরসাইকেল অগ্নিসংযোগ ও ভাংচুর করে। এ ঘটনায় মতিঝিল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) বেলায়েত হোসেন বাদী হয়ে মামলা করেন।
একই বছর ১৩ নভেম্বর মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) মফিজুর রহমান জামায়াত-শিবিরের ওই ৬৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
