টেস্ট অলরাউন্ডারদের র্যাকিংয়ে এখন আর সেরাদের লড়াইয়ে নেই মোহাম্মদ হাফিজ। কিন্তু বাকি দুই ফরম্যাটে এখনও সাকিব আল হাসানের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা তার। বলা চলে, আর্ন্তজাতিক ক্রিকেটের অন্যতম সেরা দুই অলরাউন্ডার এই হাফিজ ও সাকিব। কিন্তু আজ মাঠে দু জনকে দুই মেরুর বলে মনে হলো।
একদিকে পিছিয়ে পড়া হাফিজ ডাবল সেঞ্চুরি করে বের হলেন। অন্য দিকে সাকিব ক্যারিয়ারের অন্যতম বাজে দিন কাটিয়ে শতাধিক রান ব্যয় করে উইকেটশূন্য থাকলেন। আর দিনশেষে সংবাদ সম্মেলনে এসে স্বয়ং হাফিজই বলে গেলেন, সাকিবকে এই নিষ্প্রভ করে ফেলতে পারাটাই তাদের সাফল্যের মূল রহস্য।
প্রথম ইনিংসে বাংলাদেশের ৩৩২ রানের জবাবে বৃহস্পতিবার তৃতীয় দিনশেষে পাকিস্তান প্রথম ইনিংসে ইতিমধ্যে ৫ উইকেটে ৫৩৭ রান তুলে ফেলেছে। এরই মধ্যে পাকিস্তান লিড নিয়ে নিয়েছে ২০৫ রানের। বাংলাদেশের হয়ে সংবাদ সম্মেলনে এলেন শুভাগত হোম। তিনিও পক্ষান্তরে স্বীকার করে গেলেন, সাকিব সেভাবে জ্বলে না উঠতে পারায় খুবই ম্লান মনে হয়েছে বাংলাদেশের পারফরম্যান্স, ‘সাকিব বিশ্বসেরা খেলোয়াড়দের একজন। ও যদি একটু উইকেট পেত, তাহলে হয়তো চিত্রটা অন্যরকম হতে পারতো। তবে ও অনেক চেষ্টা করেছে, অনেক।’
এই ব্যাপারটায় দারুণ একমত পোষণ করে গেলেন হাফিজও। তিনি বরং বললেন, সাকিবের বাড়তি চেষ্টা করাটাকেই উল্টো কাজে লাগাতে চেয়েছেন তারা, ‘সাকিব একটু বাড়তি কিছু করার চেষ্টা করছিলো। আমার মনে হয়েছে, ও বিশ্বসেরা খেলোয়াড়দের একজন। ওকে যদি আমরা এই সময়ে পাল্টা আক্রমণ করতে পারি, তাহলে ম্যাচ আমাদের হাতে থাকবে। সেটা আমরা বেশ ভালোভাবেই করতে পেরেছি।’
সাকিবকে নিয়ে যে শুরু থেকেই একটা পরিকল্পনা নিয়ে নেমেছিলেন তারা, সেটাও লুকানোর চেষ্টা করলেন না হাফিজ। তিনি পরিষ্কার বলে দিলেন, ‘আমরা জানি সাকিব বাংলাদেশের জন্য কি-ফ্যাক্টর। ফলে বাংলাদেশের বোলিংয়ের বিপক্ষে কিছু করতে হলে ওকে আক্রমণ করতে হবে। সেটা করতে কষ্ট হয়েছে। ও সহজে বাজে বল দেয়নি। কিন্তু আমাদের পরিকল্পনাই ছিলো, ওকে খেলতে হবে। সেটা করতে পারায় পুরো ব্যাপারটা অনেক সহজ হয়ে গেছে।’
পাকিস্তানের জন্য ব্যাপারটা সহজ হয়ে যাওয়ায় বাংলাদেশ অনেকটাই ম্যাচ থেকে ছিটকে গেছে। পাকিস্তান ইতোমধ্যেই দুই শতাধিক রানের লিড নিয়ে নিয়েছে। আজ আরও এক-দেড় সেশন ব্যাট করে ফেললে বাংলাদেশের দিকে আরও একটা ইনিংস পরাজয়ের শংকা চোখ রাঙাতে শুরু করবে। অবশ্য সংবাদ সম্মেলনে আসা শুভাগত হোম বলছিলেন, তারা ফলাফল নিয়ে এখনই দুশ্চিন্তা করছেন না। তারা সেরাটা খেলার চেষ্টা করে যাচ্ছেন, ‘আমরা আগামীকাল চেষ্টা করবো দ্রুত ওদের অলআউট করে ফেলার। তারপর আমাদের ভালো ব্যাটিং করতে হবে।’
