চার বছরের জন্য জিম্বাবুয়ে ক্রিকেট দলের কোচ হোয়াটমোর

আপডেট : ৩০ এপ্রিল ২০১৫, ২২:০৯



 জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে চার বছরের জন্য চুক্তি করেছেন ডেভ হোয়াটমোর। দেশটির ক্রিকেট কর্তৃপক্ষ বৃহস্পতিবার এ কথা জানিয়েছে।

জিম্বাবুয়ে ক্রিকেট চেয়ারম্যান উইলসন মানাসে এক সংবাদ সম্মেলনে বলেন, চার বছরের জন্য আমরা হোয়াটমোরের সঙ্গে চুক্তি সম্পাদন করেছি।

বিশ্বকাপের আগে গত ডিসেম্বরে সংক্ষিপ্ত সময়ের জন্য জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে চুক্তি করেন ডেভ হোয়াটমোর।

নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে দলের পারফরমেন্সের প্রশংসা করেন মানাসে। বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের ছয় ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় লাভ করলেও র‌্যাংকিংয়ের উপরের সারির দলগুলোর বিপক্ষে ভাল প্রতিদ্বন্দ্বিতা করেছে জিম্বাবুয়ে।

অস্ট্রেলিয়ার সাবেক তারকা ও শ্রীলংকায় জন্মগ্রহণকারী হোয়াটমোর ১৯৯৬ বিশ্বকাপ জয়ী লংকান দলের কোচ ছিলেন। এরপর তিনি বাংলাদেশ ও পাকিস্তান জাতীয় দলেরও কোচের দায়িত্ব পালন করেন।

হোয়াটমোরের পরবর্তী এসাইনমেন্ট হবে জিম্বাবুয়ে দলের হয়ে পাকিস্তান সফর। এ বছরের শেষ দিকে ভারত ও নিউজিল্যান্ডকে আতিথেয়তা দেবে জিম্বাবুয়ে।