ব্যাটসম্যানদের ব্যাটিং নৈপুণ্যে রানের পাহাড় গড়েছে পাকিস্তান। ফলে ম্যাচ জয় বা হার নিয়ে এখনই ভাবছে না বাংলাদেশ। তাদের লক্ষ্য এখন ম্যাচ বাচাঁনো। তাই প্রথম ইনিংসে পাকিস্তানকে দ্রুত গুটিয়ে দিয়ে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ভালো ব্যাটিং করতে পারলে ম্যাচ বাচাঁনো সম্ভব হবে বলে মনে করেন দলের স্পিন অলরাউন্ডার শুভাগত হোম।
তৃতীয় দিন শেষে ৫ উইকেট হাতে নিয়ে ২০৫ রানে এগিয়ে পাকিস্তান। এমন পরিস্থিতিতে চাপে থাকাটা স্বাভাবিক। তাই কতটা চাপে রয়েছে বাংলাদেশ, সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের উত্তরে শুভাগত বলেন, ‘আমাদের ভালো কয়েকজন ব্যাটসম্যান রয়েছে। তাছাড়া এখনই হার-জিতের চিন্তা করছি না। আমি মনে করি বোলারদের চেয়ে আগামী দু’দিন ব্যাটসম্যানরা ভালো করবে। উইকেট তেমনটাই আচরণ করছে।’
দলে একজন স্পেশাল বোলারের অভাব রয়েছে কিনা এ ব্যাপারে শুভাগত বলেন, এ বিষয়টি টিম ম্যানেজমেন্ট-এর ব্যাপার। সাকিব, তাইজুল, রুবেল, আমি ও শহীদ চেষ্টা করেছি ভালো বল করতে। তবে তাইজুল ৩টি, আমি ২টি উইকেট পেয়েছি।
পাকিস্তানের প্রথম ইনিংসে বাংলাদেশের সফল বোলারের একজন শুভাগত নিজে। নিজের সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ব্যাটসম্যান হিসেবে নয় বোলার হিসেবে অনেক কঠোর পরিশ্রম করছি। যারা বল করেছি সবাই চেষ্টা করেছি ভালো করার।
দ্রুত হাফিজ ও আজহারকে আউট করতে পারলে, সফরকারীরা এত বেশি রান করতে পারতো না বলে মনে করেন শুভাগত, পাকিস্তান ভালো ব্যাটিং করছে। তারা রান পেয়েছে। দিন যত যাচ্ছে বোলারদের চেয়ে ব্যাটসম্যানরা সফল হচ্ছে। টেস্টে তাদের অভিজ্ঞ খেলোয়াড় হাফিজ-আজহারকে আরো আগে আউট করতে পারলে পাকিস্তানকে অল্প রানে আটকানো সম্ভব ছিল। খবর বাসস।
