পাকিস্তানে জিম্বাবুয়ে সফরের প্রাথমিক সূচি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার এ সূচি ঘোষণা করা হয়। আগামী মাসে দেশটিতে জিম্বাবুয়ে খেলতে যাচ্ছে। গত ছয় বছরে টেস্ট খেলুড়ে প্রথম দেশ হিসেবে পাকিস্তান সফরে যাচ্ছে জিম্বাবুয়ে। খবর এএফপি।
জিম্বাবুয়ে ক্রিকেট ইউনিয়ন (জেডসিইউ) করাচিতে ম্যাচ খেলতে অস্বীকার করায় তিন ম্যাচের ওয়ানডে এবং দু’টি টি-২০ অর্থাৎ পাঁচ ম্যাচের সবক’টিই লাহোরে অনুষ্ঠিত হবে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, আগামী ১৯ মে-১ জুন পাকিস্তান সফরের বিষয়টি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানিয়েছে জিম্বাবুয়ে।
পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান এক বিবৃতিতে বলেন, ‘পূর্ণাঙ্গ দল নিয়ে পাকিস্তান সফরে সম্মত হওয়ায় প্রতিপক্ষ জিম্বাবুয়ে ক্রিকেটের উইলসন মানাসের কাছে আমি কৃতজ্ঞ।’
‘পাকিস্তান ক্রিকেটের জন্য এটা একটি সুন্দর মুহূর্ত এবং এর মাধ্যমে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেটের দরজা খুলে যাবে বলে আমি বিশ্বাস করি।’
তিনি আরো বলেন, ‘কোন দুর্ঘটনা ছাড়াই জিম্বাবুয়ে সফরের মাধ্যমে আগামী দিনে সহযোগী ও পূর্ণ সদস্য দেশগুলোর জন্য পাকিস্তান সফরের দরজা খুলে যাবে বলে আমি বিশ্বাস করি।’
আগামী ৪ মে জিম্বাবুয়ের একটি নিরাপত্তা প্রতিনিধি দল পাকিস্তান সফর করবে বলেও উল্লেখ করেন তিনি।
এই সিরিজের পর বিশ্বের অন্যান্য দলগুলোও পাকিস্তান সফর করবে বলে আশা প্রকাশ করে পাকিস্তান।
২০০৯ সালে লাহোরে শ্রীলংকা দল বহনকারী বাসে জঙ্গী হামলার পর থেকে আন্তর্জাতিক দলগুলো পাকিস্তান সফরে অস্বীকৃতি জানিয়ে আসছে। এ হামলায় মোট আট ব্যক্তি নিহত ছাড়াও সাত খেলোয়াড় আহত হয়েছিলেন।
প্রতিশ্রুতি দিয়েও নিরাপত্তার কারণে দুই বার পাকিস্তান সফরে আসেনি বাংলাদেশ দল। যদিও কেনিয়া ও আফগানিস্তান ক্রিকেট দল পাকিস্তান সফর করে।
প্রাথমিক সূচি:
মে ১৯: জিম্বাবুয়ে দল পাকিস্তান পৌঁছাবে।
মে ২২: প্রথ টি-২০
মে ২৪ দ্বিতীয় টি-২০
মে ২৬ : প্রথম ওয়ানডে
মে ২৯ : দ্বিতীয় ওয়ানডে
মে ৩১ : তৃতীয় ওয়ানডে
জুন ১ : জিম্বাবুয়ে দলের পাকিস্তান ত্যাগ।
