ভয়ঙ্কর ভূমিকম্পে নেপালে মৃতের সংখ্যা সাড়ে পাঁচ হাজার ছাড়িয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন দেশটির এক তৃতীয়াংশেরও বেশি মানুষ। সেরকম অবস্থায় রটেছিল অক্ষয় তার পরবর্তী ছবি 'গব্বর ইজ ব্যাক'-এর প্রথম দিনের আয় নেপালের ভূমিকম্প দুর্গতদের সাহায্য হিসেবে দিবেন। এমন কথাকে গুজব আখ্যা দিয়ে অক্ষয় টুইট করেছেন, 'আমি ছবিটির প্রযোজক নই। আর আমি অন্যের টাকা দানও করতে পারি না। তবে আমি জানি এমন সময় আমার কী করা উচিত। নেপালের মানুষকে সাহায্য করার জন্য ছবি মুক্তির দিন পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন নেই আমার।'
এসময় তিনি টুইটারের মাধ্যমে নেপালের ভূমিকম্প দুর্গতদের সাহায্য করার আবেদন জানিয়ে সাহায্য পাঠানোর একটি ফেসবুক লিঙ্ক শেয়ার করেন। তিনি জানিয়েছেন ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তার নেপালী বন্ধুদের সাথে তিনি যোগাযোগ রক্ষা করে চলছেন।
তার ঘনিষ্ঠ একজনের বরাত দিয়ে ভারতের কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে, এ ধরণের গুজব অক্ষয়কে হেয় করার একটি অপকৌশল মাত্র। এসময় নাম প্রকাশ না করলেও একজন 'সুপারস্টার' এ ধরণের গুজব ছড়ানোর সাথে জড়িত বলে ইঙ্গিত দেন তিনি।
উল্লেখ্য, অক্ষয়ের 'বেবি' সিনেমার শুটিং হয়েছিল নেপালে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
