যৌন নিপীড়নের ঘটনায় জড়িতদের দ্রুত বিচার দাবিতে ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল বৃহস্পতিবার ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে। সমাজবিজ্ঞান অনুষদ থেকে এ মিছিল শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে মুন্নি চত্বরে এক সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশ থেকে আগামীকাল শনিবার বেলা ১১টায় সমাজবিজ্ঞান অনুষদ ভবনের সামনে নিপীড়ন বিরোধী ‘একটি নন ফিকশন’ পথনাট্য পরিবেশন কর্মসূচি ঘোষণা করা হয়। সমাবেশে ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি তন্ময় ধর বলেন, যারা বিচার কাজকে বিলম্বিত করছে তারা পরোক্ষভাবে নিপীড়কদের সমর্থন করছে। এ ক্যাম্পাসে যৌন সন্ত্রাসীদের আমরা দেখতে চাই না উল্লেখ করে তিনি অবিলম্বে দ্রুত সময়ের মধ্যে বিচার কাজ সম্পন্ন করার দাবি করেন।
উল্লেখ্য, পহেলা বৈশাখে হলে ফেরার পথে রাত সাড়ে সাতটার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীদের হাতে যৌন হয়রানির শিকার হন বিশ্ববিদ্যালয়ের ৪৩তম ব্যাচের এক ছাত্রী। এ ঘটনায় ছাত্রলীগ থেকে পাঁচ জনকে এবং বিশ্ববিদ্যালয় থেকে আটজনকে সাময়িক বহিষ্কার করা হয়। বর্তমানে ঘটনাটি যৌন নিপীড়ন বিরোধী সেলে তদন্তাধীন রয়েছে।
