নানা কর্মসূচির মধ্য দিয়ে সারাদেশে মহান মে দিবস পালিত হয়েছে। বিভিন্ন সংগঠন মিছিল, শোভাযাত্রা, আলোচনাসভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে।
বরিশালে দিবসটি উপলক্ষে শুক্রবার সকাল আটটা থেকে জেলা প্রশাসন এবং শ্রমিক সংগঠনগুলোর ব্যানারে দিন ব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়। ‘শিল্প বাঁচাও শ্রমিক বাঁচাও দেশ বাঁচাও, সারা বছরের কাজ, মজুরী ও নিরাপত্তা দাও’-এই দাবিতে সকাল সাড়ে আটটায় নগরীর নাজির মহল্লায় বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
শরীয়তপুরে জেলা প্রশাসন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে মে দিবস পালিত হয়েছে। বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওয়াহিদুজ্জমানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
মহান মে দিবস উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শিশু একাডেমী প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে জেলার বিভিন্ন শ্রমিক সংগঠন ও এনজিও অংশ নেয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে এসে আলোচনা সভায় মিলিত হয়।
এছাড়াও রাজশাহী, নাটোর, পাবনা, ফরিদপুর, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, রংপুর, দিনাজপুর, খুলনা, কুষ্টিয়া, সিরাজগঞ্জ, বগুড়া, নোয়াখালী, মেহেরপুর, মাদারীপুরসহ সারাদেশের বিভিন্ন স্থানে মহান মে দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
