স্টেজ থেকে পড়ার পর শো বাতিল করলেন ব্রিটনি

আপডেট : ০১ মে ২০১৫, ১৮:২৬
 
 
গান গাওয়ার সময় স্টেজ থেকে পড়ে গোড়ালিতে ব্যথা পাওয়ার পর লাসভেগাসে দুটি গানের শো বাতিল করেছেন মার্কিন পপস্টার ব্রিটনি স্পিয়ার্স।
 
বিনোদনমূলক ওয়েবসাইট টিএমজি বৃহস্পতিবার জানায়, বুধবার সন্ধ্যায় স্টেজে গান গাওয়ার সময় আকস্মিক পড়ে গিয়ে গোড়ালিতে ব্যথা পান ব্রিটনি। এরপর চিকিৎসকরা তাকে শুক্র ও শনিবার সন্ধ্যায় লাসভেগাসে অনুষ্ঠেয় দুটি শোতে অংশ না নেয়ার পরামর্শ দেন।
 
ওয়েবসাইটে দেখানো হয়, গানের সঙ্গে নাচ করার সময় তিনি হুমড়ি খেয়ে পড়ে যান। তিনি পড়ে যাওয়ার সময় তার চারপাশে অন্য ড্যান্সাররা ছিলেন। এরপর দেখা যায় তিনি গোড়ালি ধরে আছেন। পরে অন্যদের সহায়তায় তিনি উঠে দাঁড়ান। 
 
তিনি তার ভক্তদের উদ্দেশে বলেন, ঘটনার জন্য তিনি দুঃখিত। পরে এক টুইটার বার্তায় তিনি লেখেন, ‘আমাকে শুভ কামনা জানানোর জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। গোড়ালিতে ব্যথার কারণে রাতের শোতে আমার গান গাওয়া নিয়ে একটু সংশয় আছে। তবে আমি সুস্থ আছি। -এএফপি