তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সম্মানজন ন্যূনতম জাতীয় মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, জঙ্গীবাদ ও আগুন সন্ত্রাস মুক্ত নিরাপদ বাংলাদেশই অর্থনীতিকে শক্ত ভিত দিতে সক্ষম।
শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ জাসদ কার্যালয়ের জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ আয়োজিত মহান মে দিবসের আলোচনা সভা ও শোভাযাত্রা পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, বাংলাদেশ রাষ্ট্রকে টিকে থাকতে হলে ক্ষেত খামার, কলকারখানা চালু রাখতে হবে। শ্রমিকের ঘাম, শ্রমের উপর বাংলাদেশের অর্থনীতি অগ্রসর হবে। যে রাষ্ট্র শ্রমিকের ঘামের মর্যাদা দেয়না, সে সরকার বা রাষ্ট্র অমানবিক।
বর্তমানে শেখ হাসিনার সরকার শ্রমিকদের ঘামের মর্যাদা দেয়, শ্রমিকের অধিকার রক্ষা করে।
তথ্যমন্ত্রী বলেন, শ্রম কখনো সস্তা নয়, শ্রমিক দয়ার পাত্র নয়। শ্রমিকের দাবি আদায়ের জন্য সংগ্রাম করতে হবে।
তিনি বলেন, দেশে আগুন সন্ত্রাস, সাম্প্রদায়িক জঙ্গীবাদী গোষ্ঠি, নারী কর্মীদের হুমকি তেতুল হুজুর, আগুন সন্ত্রাসদের নেত্রী খালেদা জিয়ার রাজনীতির নামে মানুষ হত্যা করে বলে শ্রমিক অনিরাপদ। জঙ্গীবাদ মুক্ত বাংলাদেশ মানে দেশের মানুষের জন্য নিরাপদ বাংলাদেশ।
