নেপালে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্য নিয়ে যাওয়া বিমান বাহিনীর সি-১৩০ বিমান ঢাকা প্রত্যাবর্তনকালে নেপালে আটকা পড়া দুইজন বাংলাদেশি নারী ও চার শিশু নিয়ে দেশে ফিরেছে। আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার এ কথা জানানো হয়েছে।
এর আগে প্রধানমন্ত্রীর নির্দেশে নেপালে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য বিভিন্ন ধরণের ঔষধ, তাবু, কম্বল কাপড়, বিস্কুট ও খাবার পানিসহ ১০ টন ত্রাণ সামগ্রী নিয়ে আজ ভোরে নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশে যাত্রা করে বিমানটি নিরাপদে পৌঁছায়।
গত ২৬ এপ্রিল একই বিমানে সেনাবাহিনীর ১৭ সদস্যের ৬টি চিকিৎসক দলসহ ৩৪ জনের একটি প্রতিনিধি দল বিভিন্ন ধরনের ১০ টন ত্রাণ সামগ্রী নিয়ে নেপাল যায় এবং একই দিনে ফিরে আসার সময় আটকে পড়া ৪৯ জন বাংলাদেশিকে ফেরত নিয়ে আসে।
সেনাবাহিনীর চিকিৎসক দল গত ২৭ এপ্রিল কাঠমান্ডু ত্রিভূবন আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ২০ কিলোমিটার দূরে ললিতপুর জেলায় অবস্থান করে চিকিৎসা সেবা প্রদান করছেন।
বাংলাদেশ সেনাবাহিনীর চিকিৎসা দলের কাছ থেকে এ পর্যন্ত চিকিৎসা গ্রহণকারীর সংখ্যা ১ হাজার ৬৩ জন এরমধ্যে ফ্রাকচার ৩৩ জন, কনটিউশন এবং কাট ইনজুরি ১৭০ জন, স্প্রেইন ৬৫ জন, সামান্য আহত ১২০ জন, এ্যাকিউট ব্যাকএক ৫৭ জন, এছাড়াও বিভিন্ন রোগে আক্রান্ত ৬১৮ জন। খবর বাসস।
