রংপুরে প্রতিবন্ধীকে গণধর্ষণ, গ্রেফতার ২

আপডেট : ০২ মার্চ ২০১৯, ১৭:৫৫

রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ থানা এলাকায় বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে (১৬) গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত পলাশ (২৬) ও  শাকেরুল (২২) নামের দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত পলাশ হারাগাছ পৌর শহরের বাঘেরপুল হরিনটারী গ্রামের মন্টু মিয়ার ছেলে ও শাকেরুল সর্দারপাড়া গ্রামের রতনের ছেলে।

শনিবার বিকেল সাড়ে তিনটায় বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার (ওসি তদন্ত) মো: রাজিফুজ্জামান বসুনিয়া।

ধর্ষণের শিকার ওই কিশোরীর মা জানান, গত বৃহস্পতিবার তার বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে হরিনটারী গ্রামের পলাশ ও ধুমগড়া গ্রামের নুরন্নবীসহ কয়েকজন যুবক অজ্ঞাত স্থানে ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে মেয়ে তাকে এ ঘটনা জানায়। শুক্রবার রাতে তিনি হারাগাছ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগ আমলে নিয়ে গণধর্ষণের অভিযোগে ধর্ষক পলাশ ও শাকেরুলকে শনিবার সকাল ১১ টার দিকে গ্রেফতার করে।

আরও পড়ুনঃ গণতন্ত্র হাইজ্যাককারীদের নিয়ে কামাল হোসেন গণতন্ত্রের কথা বলছেন: তথ্যমন্ত্রী

রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার ওসি (তদন্ত) রাজিফুজ্জামান বসুনিয়া বলেন, ভিকটিমের অভিযোগ আমলে নিয়ে দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্ঠা চলছে।

ইত্তেফাক/নূহু