জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ গার্মেন্টস সেক্টরকে শক্তিশালী অর্থনৈতিক হাতিয়ার হিসেবে উল্লেখ করে জিএসপি সুবিধা পুনর্বহাল করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহবান জানিয়েছেন।
শুক্রবার বিকেলে তার গুলশানস্থ বাসভবনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি (রাজনৈতিক) ওয়েন্ডি শারম্যান সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহবান জানান।
এ সময় রওশন এরশাদ উন্নয়ন ও সুশাসন, বাণিজ্য ও বিনিয়োগ এবং নিরাপত্তাসহ দ্বিপাক্ষিক ও আঞ্চলিক ইস্যুসহ অন্যান্য বিভিন্ন বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সহযোগিতা কামনা করেন।
রওশন আরো বলেন, গার্মেন্টস সেক্টর আমাদের দেশে অন্যতম শক্তিশালী অর্থনৈতিক হাতিয়ার। তাই এ সেক্টরকে বেগবান রাখার জন্য জিএসপি সুবিধা পুনর্বহাল করা খুবই জরুরি বলে তিনি মন্তব্য করেন।
এক প্রশ্নের উত্তরে ওয়েন্ডি শ্যারমান জিএসপি সুবিধা বিবেচনা করা হবে বলে বিরোধী দলীয় নেতাকে আশ্বাস দেন।
অপর এক প্রশ্নের উত্তরে মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শ্যারমান বলেন, বাংলাদেশের গণতন্ত্র নির্ভর করছে বাংলাদেশের জনগণের ওপর এবং জনগণই ঠিক করবে তাদের কি করা উচিত। এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বাত্মক সহযোগিতা থাকবে বলে তিনি জানান।
এ সময় বিরোধী দলের নেতার সাথে আরও উপস্থিত ছিলেন, বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী এমপি, ফখরুল ইমাম এমপি, নূর-ই-হাসনা লিলি চৌধুরী এমপি, সেলিম উদ্দিন, বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট, মার্কিন দূতাবাসে নিযুক্ত রাজনৈতিক কর্মকর্তা ক্যাথলিন গিবিলিসকো।
