বাংলাদেশ আক্রমণাত্মক ক্রিকেট খেলেছে : আসাদ শফিক

আপডেট : ০১ মে ২০১৫, ২১:৫৫
 
 
 খুলনা টেস্টের চতুর্থ দিনের শেষ দুটি শেসন রাজত্ব করেছে বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েস। তাই বাংলাদেশের ব্যাটিং-এর প্রশংসাই করলেন পাকিস্তানের মিডল-অর্ডার ব্যাটসম্যান আসাদ শফিক। 
 
দ্বিতীয় ইনিংস বাংলাদেশের ব্যাটিং নিয়ে শফিক বলেন, বাংলাদেশ আজ আক্রমণাত্মক খেলেছে। বোলাররা যেমন দ্রুতই ৫ উইকেট নিতে পেরেছে। তেমনি তামিম-ইমরুল আমাদের বোলারদের ভীষণ চাপে রেখেছে। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে দু’সেশনেই ভালো করেছে টাইগাররা। প্রথম ইনিংসে আমাদের বোলাররা সফল হলেও দ্বিতীয় ইনিংসে তারা উইকেট নিতে পারেনি।’ 
 
টেস্টের প্রথম তিনদিন বাংলাদেশের চেয়ে ভালো ক্রিকেট খেলেছে পাকিস্তান, তবে চতুর্থ দিনের পুরোটাই ভালো খেলেছে টাইগাররা বলে জানালেন শফিক, আমরা কোন বিভাগেই খারাপ খেলছি না। ব্যাটসম্যানরা ভালো খেলেছে, বোলাররাও চেষ্টা করছে। কিন্তু আজ উইকেট না পাওয়ায় পুরো দিনটি ছিল বাংলাদেশের।
 
টেস্টে বাংলাদেশকে ছোট করে দেখা হচ্ছে না কি-না এমন প্রশ্নের জবাবে শফিক বলেন, বাংলাদেশ এখন অনেক শক্তিশালী দল। তাদের আন্তর্জাতিক মানের বোলার ও ব্যাটসম্যান রয়েছে। 
 
টেস্টের পঞ্চম ও শেষ দিনে পাকিস্তানের লক্ষ্যের কথাও জানান শফিক, ‘শেষ দিনে যে কোন কিছু ঘটতে পারে। আমাদের বোলাররা সামর্থ অনুযায়ী বল করে প্রথমেই কয়েকটি উইকেট নিতে পারলে এবং বাংলাদেশকে অল্প রানে আটকে রাখতে পারলে আমাদের জয়ের সম্ভাবনা আছে। বাসস