মাঠে নেতিবাচক আচরণের জন্য তীব্র সমালোচনার মুখে পড়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে পাশে আছেন কোচ কার্লো আনচেলত্তি। রোনালদো এত অখুশি কেন? এমন প্রশ্নের উত্তরে কোচ বলেছেন, ‘এখন খেলা নিয়ে ক্রিস্তিয়ানো খুশি নয়। সে সবসময় উন্নতি করতে চায় এবং যত পারে গোল করতে চায়।’
বুধবার স্পেনের লা লিগায় নিজেদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউতে ৩-০ ব্যবধানের জয়ে একটিও গোল পাননি রোনালদো। ম্যাচে নানা সময়ে হতাশা প্রকাশ করেন রিয়ালের এই পর্তুগিজ তারকা। এমনকি সতীর্থদের সঙ্গে গোল উদযাপনে অংশ না নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, ম্যাচের তৃতীয় গোলটি করেন স্পেনের ডিফেন্ডার আলভারো আরবেলোয়া। গোলটি করার সময় তার ঠিক পেছনেই ছিলেন রোনালদো। গোলটির পর জালে ঢুকে পড়ে বলে লাথি মেরে নিজের হতাশা প্রকাশ করেন তিনি। এমনকি সতীর্থদের সঙ্গে গোলটি তেমন উদযাপনও করেননি।
