রাউজানে মোটরসাইকেল চোর চক্রের পাঁচ সদস্য আটক

আপডেট : ০২ মার্চ ২০১৯, ১৮:০৫

চোরাইকৃত দুই মোটরবাইকসহ চোর চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে রাউজান থানা পুলিশ। গত ১ মার্চ রাত ২টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের উরকিরচর ইউনিয়নের সোনারগাঁও কমিউনিটি সেন্টারের সম্মুখ হতে স্থানীয় জনতার সহায়তায় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, উপজেলার বাগোয়ান ইউনিয়নের কোয়েপাড়া শফি মেম্বারের বাড়ির বাচ্চু মিয়ার পুত্র মো. সাগর(২৩), মৃত আবুল কাশেমের পুত্র মো.ফয়সাল (২৪), নোয়াপাড়া ইউনিয়নের শীলপাড়া মানিক শীলের বাড়ির মৃত অজয় শীলের পুত্র জিশু শীল (২৫), পিন্টু শীলের পুত্র লিটন শীল (১৯) এবং হাটহাজারী পৌরসভার মীরারখীল গ্রামের মৃত হাজী মুন্সি মিয়ার পুত্র আহম্মদ মিয়া(২৬)।

নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শেখ মো, জাবেদ মিয়া দৈনিক ইত্তেফাককে জানান, ‘এসআই মহসীন রেজা সঙ্গীয় ফোর্স নিয়ে রাত্রীকালিন টহল দিচ্ছিলো। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে রাঙ্গুনিয়া উপজেলা হতে দুটি মোটর বাইক চুরি করে চোর চক্রের সদস্যরা শহরমুখী পালিয়ে যাচ্ছে। এরপরই আমরা চট্টগ্রাম-কাপ্তাই সড়কে নোয়াপাড়া পথেরহাটস্থ চেকপোস্ট শুরু করি। রাত ২টার দিকে পূর্বদিক হতে আসা দুটি মোটরবাইকে থামানোর নির্দেশ দিলে তারা নির্দেশ অমান্য করে পালিয়ে যায়। এ সময় তাদের ধাওয়া করে সোনারগাঁও কমিউিনিটি সেন্টারের সম্মখ হতে উপস্থিত জনতার সহায়তায় তাদের আটক করি। এ সময় তাদের কাছ হতে চোরাইকৃত নম্বরবিহীন একটি লাল রঙ্গের পালসার এবং একটি সাদা-নীল রঙের সুজুকি জিক্সার (যার নম্বর প্লেটে লেখা ‘চট্ট মেট্রো-ল ১১-৭৫৮৬’) উদ্ধার করা হয়।’

আরও পড়ুনঃ রংপুরে প্রতিবন্ধীকে গণধর্ষণ, গ্রেফতার ২

রাউজান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্লাহ দৈনিক ইত্তেফাককে জানান, ‘আটককৃতরা আন্তঃজেলা মোটরবাইক চোর চক্রের সদস্য। জিজ্ঞাসাবাদে তারা তাদের চক্রের আরো নয়জন চোর সদস্যের নাম প্রকাশ করেন। তারা বিভিন্ন স্থান হতে মোটরবাইক চুরি করে পরে তা বিক্রি করে বলে জানাই। তাদের বিরুদ্ধে ৩৭৯/৪১১ ধারায় মামলা রুজু করা হয়েছে। বাকিদের ধরার জন্য অভিযান অব্যহত রয়েছে।’

ইত্তেফাক/নূহু