অভিনেত্রী কুসুম শিকাদার। কিছুদিন আগেই যৌথ প্রযোজনার ছবি ‘শঙ্খচিল’-এর শুটিং শেষ করলেন কলকাতায়। ছবিতে তার বিপরীতে ছিলেন কলকাতার জনপ্রিয় চিত্রনায়ক প্রসেনজিত্। ছবিটি পরিচালনা করেছেন গৌতম ঘোষ।
একই সাথে দুই গুণী মানুষের সাথে কাজ করলেন দেশের জনপ্রিয় এই অভিনেত্রী। এ প্রসঙ্গে কুসুম সিকদার বলেন, ‘প্রসেনজিত্ যেমন তার অভিনয় দিয়ে উপমহাদেশে যেমন জনপ্রিয় তেমনি গৌতম ঘোষ উপমহাদেশে বেশ সুপরিচিত পরিচালক। আমি সৌভাগ্যবান, তাই একই ছবিতে দু’জনকে পেয়েছি।’
ছবিটি বাংলাদেশ থেকে প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম এবং ওপার বাংলা থেকে প্রযোজনা করেছে প্রসেনজিতের প্রযোজনা সংস্থা। এ পর্যন্ত খুব বেশি চলচ্চিত্রে দর্শক কুসুমকে দেখতে না পেলেও তার স্বল্প কিছু কাজ উল্লেখযোগ্যতা পেয়েছে। বিকল্পধারা বা মূলধারার গণ্ডিতে আটকে নেই তিনি।
প্রথমবারের মতো কলকাতায় কাজ করা প্রসঙ্গে কুসুম বলেন, ‘যদিও এটি যৌথ প্রযোজনার ছবি, তবে কলকাতার এমন কয়েকজনের সাথে কাজ করেছি যে জীবনে ভিন্ন এক অভিজ্ঞতা যোগ হয়েছে। নতুন এক প্লাটফর্ম, নতুন পরিবেশ। সবকিছু মিলিয়ে ভালো একটি কাজ করতে পেরেছি।’
বড়পর্দায় কাজ করলে ছোটপর্দা থেকে দূরেই থাকেন অনেকে। কিন্তু সেই সমীকরণে নেই কুসুম। ছোটপর্দাতেও নিয়মিত কাজ করছেন তিনি। তিনি বলেন, ‘আমাদের দেশে এই ধারাটা তেমন নেই। ছোটপর্দাতে কাজ করলে বড়পর্দাতেও দর্শকদের গুরুত্ব পায়। অভিনয়ের জায়গাটা মূল নয়। অভিনয় করতে পারছি এটাই মূল বিষয়।’
কুসুম চলতি সময়ে দুটি ধারাবাহিক নাটক নিয়ে ব্যস্ত আছেন। বাংলাভিশনে ‘ননস্টপ’ ও আরটিভিতে ‘কেয়া’।
