খাদ্যমন্ত্রী মো. কামরুল ইসলাম বলেছেন, একটি গোষ্ঠী গত তিন মাস মানুষ পুড়িয়ে হত্যা করেছে। তারা স্কুল ঘরগুলো জ্বালিয়ে দিয়েছে। তারা দেশটাকে ধ্বংস করার ষয়যন্ত্র করেছে। তারা বাংলাদেশটাকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছে। বাংলাদেশের মানুষ এখন তাদেরকে ধিক্কার জানাচ্ছে। তাদের জনপ্রিয়তা শূন্যের কোটায় নেমে এসেছে।
শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌর মিলনায়তনে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তিপ্রদান ও সনদপত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, তাদের বিদেশী বন্ধুরাও এখন তাদেরকে ধিক্কার জানাচ্ছে। তারা জ্বালাও পোড়াও রাজনীতিতে আবার ফিরে আসলে বিদেশী বন্ধুদেরকেও হারাবে।
ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সমিতির সভাপতি আলমগীর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তৃতা করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন, পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র হেলাল উদ্দিন প্রমুখ।
