‘গণতন্ত্র ফেরত আনার জন্য নয়, সংকট তৈরির জন্যই খালেদা জিয়া পূর্বপরিকল্পিতভাবে নির্বাচন থেকে পিছটান দেন।’ শনিবার সকালে কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা মিলনায়তনে পাঠ্যাভ্যাস উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা ও কর্মশালা অনুষ্ঠানে যোগ দেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া সমর্থিত তিন প্রার্থীর পরাজয়ে গণতন্ত্র রক্ষা পেল।’
সিটি করপোরেশন নির্বাচন নিয়ে জাতিসংঘের মহাসচিব বান কি মুনের উদ্বেগ প্রসঙ্গে তথ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘বিদেশি বন্ধুদের উদ্বেগ আমরা শুনেছি, শুনবও, কিন্তু তা নিয়ে মাথা ঘামাই না।’
ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার শান্তি মনি চাকমার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. তৌহিদুল ইসলাম আলম, পৌর মেয়র শামিমূল ইসলাম ছানঅ, জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন প্রমুখ।
